রুশ জেট আকাশসীমা লঙ্ঘন করেছে, অভিযোগ তুরস্কের
সতর্কতা জানানো সত্বেও রাশিয়ার একটি এসইউ-৩৪ জেটবিমান আকশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ জানিয়েছে তুরস্ক।
শনিবার এ অভিযোগ জানিয়ে এর পরিণাম সম্পর্কে রাশিয়াকে সতর্ক করেছে দেশটি। অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
তুরস্কের দাবিকে ‘নিছক প্রচারণা’ অভিহিত করে কোনো রুশ বিমান তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেনি বলে পাল্টা দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ।
তুর্কি রাডার স্থাপনা কোনো নির্দিষ্ট বিমান বা এর ধরন এবং জাতীয়তা শনাক্ত করতে সক্ষম নয় জানিয়ে কোনাশেনকভ বলেন, ইংরেজি অথবা রুশে কোনো মৌখিক সতর্কর্তা ইস্যু করা হয়নি।
অপরদিকে এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় প্রতিবাদ জানানোর জন্য শুক্রবার রাতে রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। রাশিয়া দুদেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে বাড়াতে চায় বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
এতে বলা হয়, “তুর্কি আকাশসীমা, যা নেটোরও আকাশসীমা, লঙ্ঘন না করার জন্য রুশ ফেডারেশনকে পরিষ্কারভাবে জানাচ্ছি আমরা।
“আমরা আবারও জোরালোভাবে বলছি, এ ধরনের দায়িত্বহীন আচরণের পরিণতির জন্য রুশ ফেডারেশন দায়ি থাকবে।”
নেটোর মহাসচিব ইয়েন স্টোটেনবার্গ আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে নেটোর আকাশসীমা আর যেন লঙ্ঘন করা না হয় সে বিষয়ে ‘সব ধরনের পদক্ষেপ নেওয়ার’ জন রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “এ ধরনের আচরণের পরিণতি কতোটা বিপদজনক তা আগের ঘটনাগুলো দেখিয়েছে।”
এ ঘটনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান। পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ও তা অস্বীকারে সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়ে পড়া তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পাচ্ছে। এর আগে নভেম্বরে একই ধরনের ঘটনায় একটি রুশ বোমারু বিমানকে গুলি করে বিধ্বস্ত করেছিল তুরস্ক।
তুর্কি সীমান্তের কাছাকাছি এলাকায় সিরীয় বিদ্রোহীদের ওপর বোমাবর্ষণরত ওই রুশ বোমারু বিমান সতর্ক করা সত্বেও আকাশসীমা লঙ্ঘন করেছিল বলে দাবি তুরস্কের।
ঘটনার প্রতিক্রিয়ায় রুশ-তুর্কি কূটনৈতিক সম্পর্ক নাজুক হয়ে পড়ে এবং তুরস্কের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া।
