২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ চীন সাগরে আবারও মার্কিন যুদ্ধজাহাজ

দক্ষিণ চীন সাগরে মালিকানা নিয়ে বিতর্কিত একটি দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ নোঙ্গর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 10:09 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নৌপথে স্বাধীনতার অংশ হিসেবে তাদের একটি যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের ট্রিটন দ্বীপের খুব কাছ দিয়ে অতিক্রম করেছে।

চীন প্যারাসেল দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

চীন ছাড়াও তাইওয়ান, ব্রুনাই, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে।

দক্ষিণ চীন সাগর আন্তর্জাতিক নৌ পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, তারা দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে লড়াইরত কোনো দেশের পক্ষ নেয়নি। কিন্তু তারা গুরুত্বপূর্ণ এই নৌরুটটির পরিবহন ব্যবস্থা সুরক্ষিত রাখতে চায়।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, “দক্ষিণ চীন সাগরের তিন দাবিদার চীন, তাইওয়ান ও ভিয়েতনাম যারা নৌ পরিবহনের অধিকার ও স্বাধীনতাকে খর্ব করতে চাইছে তাদের চ্যালেঞ্জ জানাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

বিবৃতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি ট্রিটন দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্যে নোঙ্গর করেছে।

ওই সময় ওই এলাকায় চীনের কোনো নৌযান বা হেলিকপ্টার ছিল না বলেও জানিয়েছে পেন্টাগন।

এদিকে চীনের পররাষ্ট্র মণ্ত্রনালয়ের অভিযোগ, “অনুমতি না নিয়ে তাদের জলসীমায় প্রবেশ করে যুক্তরাষ্ট্র চীনের আইন লঙ্ঘন করেছে।”

এর আগেও ‘নৌপথের স্বাধীনতার’ কথা বলে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ স্প্রাটলি দ্বীপপুঞ্জের কাছে নোঙ্গর করেছিল।

যেটা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল চীন।