সিরিয়া শান্তি আলোচনায় অংশ নেবে বিরোধীপক্ষগুলো
জাতিসংঘের নেতৃত্বে জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলো।
এরআগে সৌদি আরব সমর্থিত উচ্চ সমঝোতা কমিটি (এইচএনসি) বলেছিল, সিরীয় সরকারি বাহিনীর বিমান হামলা এবং অবরোধ তুলে নিলেই কেবল তারা এই আলোচনায় অংশ নেবে।
পরবর্তী সময়ে এইচএনসি জানায়, নিশ্চয়তা প্রাপ্তি সাপেক্ষে জেনেভায় প্রতিনিধিদল পাঠাবেন তারা।
সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে জেনেভায় শান্তি আলোচনা শুরু হয়েছে।
প্রায় পাঁচ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে আড়াই লাখেরও বেশি মানুষ নিহত ও ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারির (ডানে) নেতৃত্বে সিরীয় সরকারের প্রতিনিধিদল শুক্রবারের আলোচনায় অংশ নেয়। ছবি: রয়টার্স
বিবিসি বলছে, জেনেভার জাতিসংঘ কার্যালয়ে শুক্রবার বিকেলে শুরু হওয়া এই শান্তি আলোচনায় সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্টাফা দে মিস্তুরা এবং জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারির নেতৃত্বে সিরীয় সরকারের প্রতিনিধিদল অংশ নেয়।
শুক্রবারের আলোচনা শেষে বিশেষ দূত মিস্তুরা আশা প্রকাশ করে বলেন, রোববার বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনায় বসতে সক্ষম হবেন।
সিরীয় বিরোধীপক্ষের কমিটি এইচএনসি জানিয়েছে, জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার লক্ষ্যেই ছোট একটি প্রতিনিধিদল জেনেভায় পাঠাবেন তারা।
সিরিয়া গৃহযুদ্ধ অবসানে অনুষ্ঠিত শান্তি আলোচনা শুরুর আগে জেনেভায় সিরীয় সরকারের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করে জড়ো হয়েছেন কিছু মানুষ। ছবি: রয়টার্স
এইচএনসির একজন জ্যেষ্ঠ প্রতিনিধি জানিয়েছেন, ৩০ থেকে ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল জেনেভায় পাঠানো হবে।
অন্যদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এইচএনসি’র সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি এই কমিটিকে শান্তি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শান্তি আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রথম এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
