২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের কাঠগড়ায় বাগবো, অভিযোগ অস্বীকার

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে অভিযোগ অস্বীকার করেছেন আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরা বাগবো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 07:09 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

আইভরি কোস্টে পাঁচ বছর আগে নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। পরিকল্পিতভাবে এ সহিংসতা ছড়ানোর অভিযোগ আছে বাগবোর বিরুদ্ধে।

২০১০ সালের নির্বাচনে প্রতিপক্ষ আলাসেন ওয়াত্তারার কাছে হারের পর বাগবো ক্ষমতা ধরে রাখার যে পরিকল্পনা করেন তার জেরেই ওই সহিংসতা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এর পাশাপাশি হত্যা, ধর্ষণ ও নির্যাতন মিলিয়ে মোট চারটি অভিযোগ আছে ৭০ বছর বয়সী বাগবোর বিরুদ্ধে।

বিবিসি’র এক সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার আদালতে অভিযোগ পড়ে শোনানোর সময় তা অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন বাগবো।

সাবেক একজন প্রেসিডেন্ট এবং উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ হিসাবে প্রথম হেগ আদালতে বিচারের মুখোমুখি হলেন বাগবো। একই অভিযোগে তার ঘনিষ্ঠ সহযোগী চার্লস ব্লে গৌদিও বিচারের মুখে রয়েছেন।

বিচার চলতে পারে তিন থেকে ৪ বছর পর্যন্ত।  বাগবোর সমর্তকরা অবশ্য বলছেন, সাবেক ঔপনিবেশক শক্তি ফ্রান্সের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তাকে সাজা দেওয়া হচ্ছে।

আইভরি কোস্টে ২০১০ সালের নির্বাচনে ওয়াত্তারার জয় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর  ফ্রান্স বাহিনীর সহায়তায় ২০১১ সালের এপ্রিলে বাগবোকে গ্রেপ্তার করে ওয়াত্তারার সেনারা। পরে তাকে হেগ আদালতের কাছে হস্তান্তর  করা হয়।