২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওয়ায় চূড়ান্ত বিতর্কে যাচ্ছেন না ট্রাম্প

আয়োজক টেলিভিশন চ্যানেলের উপর রাগ করে আইওয়ায় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশীদের বিতর্কে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 10:25 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

আইওয়া ককাসের আগে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীদের মধ্যে এটিই চূড়ান্ত নির্বাচনী বিতর্ক। ট্রাম্প তা বয়কট করায় মনোনয়ন লড়াইয়ে সামনের সারিতে থাকা প্রার্থীকে ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে এ বিতর্ক।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার কোরি লেওয়ানডউস্কি বলেন, আইওয়ায় বৃহস্পতিবারের বিতর্কে নিশ্চিতভাবেই অংশ নিচ্ছেন না ট্রাম্প।

বিতর্কে অংশ না নিয়ে ট্রাম্প বরং প্রবীণ যুদ্ধাহত সৈনিকদের জন্য আইওয়ায় তহবিল সংগ্রহের একটি আয়োজনে অংশ নেবেন বলে জানিয়েছেন তার প্রচারাভিযান শিবির।

আইওয়ার রিপাবলিকান বিতর্ক অনুষ্ঠানটির আয়োজক ফক্স নিউজ এবং সহ-আয়োজক গুগল।

গত বছর অগাস্টে একটি বিতর্ক অনুষ্ঠানে ফক্স নিউজের সঞ্চালক মেগান কেলির প্রশ্নে ট্রাম্প বিরক্ত হয়েছিলেন।

এবারের বিতর্কে কেলিকে মডারেটরের আসনে রেখে দেওয়ার পরিকল্পনা করেছে টেলিভিশন চ্যানেলটি। এখানেই আপত্তি ট্রাম্পের।

সোমবার রাতে ফক্স নিউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আজ হোক বা কাল হোক ট্রাম্পকে বুঝতে হবে যে তিনি সাংবাদিকদের বাছাই করতে পারবেন না। তিনি মেগান কেলির প্রশ্ন নিয়ে আতঙ্কে থাকেন এবং এই আতঙ্কের বিষয়টি তিনি প্রকাশ করতে চান দেখে আমরা খুবই বিস্মিত হয়েছি।”

বিতর্কে অংশ না নেওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, “আমি বিতর্কে অংশ নেওয়া জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। বিতর্কে অংশ নেওয়ার জন্যই এখানে এসেছিলাম। যখন তারা তাদের জ্ঞানী-ব্যক্তির প্রেস রিলিজটি পাঠালো তখন আমি তাদের বললাম, ঠিক আছে বিদায়।”

মঙ্গলবার রাতে ফক্স নিউজ শো’তে ট্রাম্পকে ছাড়াই বিতর্ক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন কেলি।

ওদিকে, ট্রাম্পও বলেছেন  “আমিও দেখতে চাই আমাকে ছাড়া এ বিতর্কে ফক্স কত অর্থকড়ি বানাতে পারে।”