আফগানিস্তানে ১০ সহকর্মীকে খুন করলেন পুলিশ
আফগানিস্তানে এক পুলিশ তার ১০ সহকর্মীকে গুলি করে হত্যা করেছে।
পুলিশ জানায়, আততায়ী ওই পুলিশ তার সহকর্মীদের প্রথমে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায় এবং পরে গুলি করে। এরপর সে ফাঁড়িতে আগুন ধরিয়ে দিয়ে সহকর্মীদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার উরুজগান প্রদেশের চীনারতো এলাকায় এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্য তালেবান অনুপ্রবেশকারী ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তাকে খুঁজছে বলে জানিয়েছে বিবিসি।
উরুজগান তালেবানের শক্ত ঘাঁটি হেলমান্দ এবং কান্দাহার সীমান্তে অবস্থিত। আফগানিস্তানে এ ধরনের ঘটনা হরহামেশাই ঘটে।
কিন্তু নেটো বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঘটনা অনেকটা কমে এসেছিল।
আফগান পুলিশের বিরুদ্ধে দুর্নীতি, অপরহণ, মাদক ব্যবহার, হত্যা ও শিশু নির্যাতনের অভিযোগও কমে এসেছিল। কিন্তু ইদানিংকালে এমন ঘটনা আবারও ঘটতে শুরু করেছে।
গত সপ্তাহে উরুজগান প্রদেশে চার পুলিশ তাদের ৯ সহকর্মীকে হত্যা করে অস্ত্র ও যন্ত্রপাতিসহ তালেবানের সঙ্গে যোগ দিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে।
