২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চরমপন্থা নিবৃত্ত করতে চাই অর্থনৈতিক উন্নতি: রুহানি

মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক উন্নতিকে চরমপন্থা নিবৃত্ত করার অন্যতম উপায় বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 08:49 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

ইউরোপে সোমবার থেকে শুরু করা ৪ দিনের সফরকালে রুহানি বলেন, “আমরা বিশ্বের চরমপন্থিদের সঙ্গে লড়াই করতে চাইলে, সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে আমাদের সামনে যেসব পথ রয়েছেসেগুলোর অন্যতম হল অর্থনৈতিক উন্নতি ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।”

“অর্থনৈতিক অগ্রগতির অভাবেই মানুষ সন্ত্রাসের দিকে ধাবিত হয়। বেকারত্ব জঙ্গি সংগঠনের যোদ্ধাদের তৈরি করে।”

এ মাসে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ইউরোপের ইতালি এবং ফ্রান্স সফর করছেন রুহানি। ইতালি সফরের পর ফ্রান্সে যাবেন তিনি।

সোমবার ইতালিতে লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন রুহানি ও তার ১২০ সদস্যের কূটনৈতিক দল।

ওইদিন ইতালি ইরানের সঙ্গে ১ হাজার ৭শ’ কোটি ইউরোর বাণিজ্য চুক্তি ঘোষণা করেছে। ফ্রান্স থেকেও এ ধরণের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে আগামী কয়েক মাসের মধ্যে ইতালির প্রেসিডেন্ট মাত্তেও রেনজি ইরান সফর করবেন বলেও আশা প্রকাশ করেন রুহানি।

মঙ্গলবার রোমে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে রুহানি বলেন, “আমরা বিনিয়োগ ও প্রযুক্তিকে স্বাগত জানাতে প্রস্তুত। আমরা নতুন রপ্তানী বাজার তৈরি করতে চাই।”

“নতুন শর্ত অনুযায়ী, আমি ইরানে উৎপাদিত পণ্যের ৩০ শতাংশ রপ্তানী করতে চাই।”