২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডিশ অধিকারকর্মীকে মুক্তি দিল চীন

জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে আটক সুইডিশ অধিকার আন্দোলনকর্মী পিটার ডাহলিনকে (৩৫) মুক্তি দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 03:34 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

মানবাধিকার আইনজীবী ও আন্দোলনকারীদের ধরপাকড় শুরু হওয়ার পর জানুয়ারির প্রথম দিকে ডাহলিনকে আটক করা হয়েছিল। গেল সপ্তায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে হাজির হয়ে স্থানীয় চীনা মানবাধিকার আইনজীবীদের নিজের সংগঠনের মাধ্যমে সমর্থন যুগিয়ে আইন ভেঙেছেন বলে স্বীকার করেন তিনি।

ডাহলিন চীন ছেড়েছেন বলে নিশ্চিত করেছে বেইজিংয়ের সুইডিশ দূতাবাস, কিন্তু বিস্তারিত আর কিছু জানায়নি তারা। 

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী ডাহলিনের মুক্তিকে স্বাগত জানিয়েছেন, কিন্তু চীনের কারাগারে বন্দি সুইডেনের অপর নাগরিকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

চাইনিজ আর্জেন্ট অ্যাকশন ওয়ার্কিং গ্রুপের (চায়না অ্যাকশন) এর প্রতিষ্ঠাতা সুইডিশ নাগরিক ডাহলিন। সংগঠনটি নিজেদের একটি বৈধ ত্রাণ সংস্থা বলে দাবি করে।

চীনের গ্রামাঞ্চলে আইনি সহায়তা দেওয়া অনুমোদনহীন ‘খালি-পা’ আইনজীবীদের সহায়তা করতো সংগঠনটি। এছাড়া অধিকার লঙ্ঘিত হয়েছে এমন ব্যক্তি বা সুবিধাহীন গোষ্ঠীকে সরাসরি সহায়তা দিতো চায়না অ্যাকশন।

৪ জানুয়ারি চীন থেকে থাইল্যান্ড যাওয়া পথে বিমানবন্দর থেকে ডাহলিনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে সংগঠনটি জানিয়েছে।

গেল সপ্তাহে চীনা রাষ্ট্রীয় টেলিভিশনে ডাহলিনকে বেইজিংয়ের আইনি প্রতিষ্ঠান ফেংরুই-কে সহায়তা দেওয়ার কথা স্বীকার করতে দেখা যায়। সরকারবিরোধী তৎপরতার জন্য সম্প্রতি ফেংরুইয়ের উল্লেখযোগ্য সংখ্যক আইনজীবীকে আটক করা হয়েছে।

টেলিভিশনে দেখা যায়, তার কাজের মাধ্যমে ডাহলিন চীনা আইন লঙ্ঘন করেছেন, এতে দেশটির সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চীনা জনগণ মর্মাহত হয়েছেন বলে স্বীকার করেছেন।

এই স্বীকারোক্তিকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়ে স্বীকারোক্তি জোর করে আদায় করা হয়ে থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেছে চায়না অ্যাকশন।