২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন উপকূলে শক্তিশালী ভূমিকম্প

স্পেনের ভূমধ্যসাগরীয় বন্দর শহর মালাগা থেকে ১৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Jan 2016, 03:34 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

সোমবার ভোরের এ ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

ভূমিকম্পের পর শেষ খবর পাওয়া পর্যন্ত স্পেনের দক্ষিণ উপকূলজুড়ে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

স্পেনের ন্যাশনাল জিওগ্রাফিক ইনস্টিটিউট জানিয়েছে, সোমবার ৪টা ২২ জিএমটিতে ভূমিকম্পটি হওয়ার পরে আরো ছয়টি ছোট পরাঘাত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ‍ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটি ৬ দশমিক ৬ মাত্রার ছিল বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছিল।

স্পেনের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল আন্দালুসিয়ার জরুরি বিভাগ ট্যুইটারে দেওয়া এক বিবৃতিতে আতঙ্কিত বাসিন্দাদের ২৫০টি ফোন পাওয়ার কথা জানিয়েছে।

ভূমিকম্প ও পরাঘাতগুলো মালাগা, কর্ডোবা, সেভিলা ও গ্রানাডা শহরসহ দেশটির পুরো দক্ষিণ উপকূলজুড়ে অনুভূত হয়।

মরক্কোর উপকূলের স্প্যানিশ ভূখণ্ড মেলিলার জরুরি বিভাগও আতঙ্কিত বাসিন্দাদের ২০০টি ফোন কল পাওয়ার কথা জানিয়েছে। এসব ফোন কলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া কথাও জানানো হয়েছে।

এই এলাকার স্কুল ভবনগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা যাচাই করতে সোমবার স্কুল বন্ধ রাখা হয়েছে।

ভূমিকম্পের পর কিছু কিছু এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলেও তা ফের চালু করা হয়েছে বলে মেলিলার গণমাধ্যমগুলো জানিয়েছে।