২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতা সন্দেহে গ্রেপ্তার ৭

মালয়েশিয়ায় হামলার পরিকল্পনা এবং ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 06:58 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

দেশজুড়ে তিনদিনের অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সবাই মালয়েশিয়ার নাগরিক।তাদের বয়স ২৬ থেকে ৫০ বছরের মধ্যে। অভিযানে তাদের কাছ থেকে গুলি, জিহাদি বই, আইএস’র পতাকা ও প্রচারণা ভিডিও উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর বলেন, “আটক সন্দেহভাজনরা সবাই একই জঙ্গি দলের সদস্য। জঙ্গিদলটি মালয়েশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে।”

সোমবার মালয়েশিয়ায় মৌলবাদবিরোধী এবং সহিংস চরমপন্থা প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে ২২ জানুয়ারি থেকে দেশটির চারটি রাজ্যে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়।

পুলিশ জানায়, সিরিয়া-ভিত্তিক আইএস সদস্যরা গ্রেপ্তার ব্যক্তিদের মালয়েশিয়ায় হামলা চালানোর নির্দেশ দিয়েছে।

ইন্দোনেশিয়ার জঙ্গি বাহরুন নাইমের কাছ থেকেও তারা হামলা চালানোর নির্দেশনা পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ১৪ জানুয়ারির আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পনাকারীও এই নাইম বলে ধারণা করা হয়। হামলায় সাত জন প্রাণ হারায়। 

আইএস এ যোগ দেওয়া মালয়েশিয়ার নাগরিক মুহাম্মদ ওয়ান্ডি মোহামেদ জেডিও সন্দেহভাজনদের হামলা চালানোর নির্দেশ দিয়েছে বলে দাবি করেন পুলিশের মহাপরিদর্শক।

তিনি বলেন, “১৫ জানুয়ারি সন্দেহভাজন এক জঙ্গিকে আটক করে পুলিশ। ওই ব্যক্তি কুয়ালালামপুরে আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই বাকিদের আটক করা হয়।”