২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্দান সীমান্তে সিরিয়ার ১২ ‘অনুপ্রবেশকারী’ নিহত

সিরিয়া থেকে জর্দানের প্রবেশের চেষ্টাকালে ১২ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে জর্দানি সীমান্তরক্ষীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 02:45 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

বিবিসি জানায়, শনিবার সীমান্ত অতিক্রমের চেষ্টারত এসব ব্যক্তিদের অনেকেই সশস্ত্র ছিলেন এবং তাদের মধ্যে কয়েকজন সিরিয়ায় ফিরে যেতে সক্ষম হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী দাবি করেছে।

এ সময় সীমান্তরক্ষীরা প্রায় ২০ লাখ মাদকের ক্যাপসুল উদ্ধার করেছে বলে জানিয়েছে।

জর্দানি সামরিক বাহিনী বলেছে, তারা প্রায়ই মরুভূমির ভিতর দিয়ে যাওয়া জর্দান-সিরিয়া সীমান্ত অতিক্রমের চেষ্টারত ব্যক্তিদের থামিয়ে থাকে, তবে সাম্প্রতিক সময়ে এ ধরনের প্রাণহানির ঘটনা আর ঘটেনি। 

তবে গুলি বিনিময়ের এ ঘটনাটি সীমান্তের কোথায় ঘটেছে তা প্রকাশ করেনি বাহিনীটি।

পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত সিরিয়ার সীমান্তে নিয়ন্ত্রণ কঠোর করেছে জর্দান। সিরিয়ার তথাকথিত কট্টরপন্থি বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের সীমান্ত অতিক্রমের সম্ভাবনা দেশটিকে সন্ত্রস্ত করে রেখেছে।

জাতিসংঘের লিপিবদ্ধ করা ৪৩ লাখ ৯০ হাজার সিরীয় শরণার্থীর মধ্যে ছয় লাখ ৩৩ হাজার জর্দানের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়ে আছেন।

জাতিসংঘের তথ্যানুযায়ী, সাম্প্রতিক সময়ে জর্দান সীমান্তে জড়ো হওয়া উদ্বাস্তুর সংখ্যা হঠাৎ বেড়ে প্রায় ১৭ হাজার জনে দাঁড়িয়েছে।