২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে দুই ভাইকে মেরে স্কুলে গিয়ে গুলি, নিহত ৪

কানাডার সাসকাচেওয়ান প্রদেশের লা লচে শহরে এক বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 10:08 AM

Updated : 20 Aug 2022, 11:40 AM

পারিবারিক বিরোধের জের ধরে এক বন্দুকধারী নিজের ঘরে দুই ভাইকে মারার পর কাছের বিদ্যালয়ে গিয়ে এলোপাতাড়ি গুলি চালান বলে রয়টার্স জানিয়েছে।

বিদ্যালয়ে গুলিতে এক নারী শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন।

বিবিসি জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে সাস্কেটন শহরের ৬০০ কিলোমিটার উত্তরে অবস্থিত লা লচে শহরের একটি কমিউনিটি স্কুলে গুলির খবর পাওয়া যায়।

হামলার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয় ভবনের বাইরে থেকে বন্দুকসহ ওই হামলাকারীকে গ্রেপ্তার করে বলে রয়টার্স জানিয়েছে।

লা লচ শহরের ভারপ্রাপ্ত মেয়র কেভিন জেনভিয়ার বলেন, হামলাকারী স্কুলে ঢোকার আগে নিজের বাসায় ছোট দুই ভাইকে হত্যা করেছে বলে পুলিশ তাকে জানিয়েছে।

নিহতদের মধ্যে নিজের ২৩ বছর বয়সী মেয়ে মেরি রয়েছেন বলে জানান মেয়র। তিনি বিদ্যালয়টির শিক্ষক ছিলেন।

পুলিশ হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করেনি।

মেয়র বলেন, হামলাকারীর সঙ্গে তার মেয়ের পরিচয় ছিল কি না, তা তিনি জানেন না।

ঘরে শুরু হওয়া কোনো বিবাদের প্রতিক্রিয়ায় এ বন্দুক হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন মেয়র কেভিন।

“কী ঘটেছে সে সম্বন্ধে আমি শতভাগ নিশ্চিত নই। কিন্তু এটা শুরু হয়েছিল ঘরে আর এর শেষ হয় স্কুলে।”

শহর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনার পর আহতদের চিকিৎসা সেবা দিতে কিওয়াতিন ইয়াত্তে ১৬ শয্যা বিশিষ্ট হাসপাতালে অতিরিক্ত ডাক্তার ও নার্স পাঠানো হয়েছে।

তবে কতজন আহত হয়েছে তা জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।

লা লচে কমিউনিটি স্কুলের শিক্ষার্থী নোয়েল দেজার্লেইস কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (সিবিসি) ঘটনার সময় কয়েকদফা গুলির শব্দের কথা বলেন।

“আমি দৌড়ে বের হয়ে আসি। এর আগেই আমি ৬-৭টা গুলির শব্দ শুনি। অনেকেই তখন চিৎকার করছিল। আমার বিশ্বাস, এরপরও আরও কয়েকদফা গুলি হয়েছে।”

ওই স্কুলে মোট ৯শ’ শিক্ষার্থী আছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

সিবিসি’তে প্রচারিত এক টেলিভিশন ফুটেজে দেখা গেছে, হামলার পর স্কুলের শিক্ষার্থীরা স্কুলের বরফে আচ্ছাদিত মাঠের দিক দৌড় দিচ্ছে।

একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও স্কুলে প্রবেশ করছে। শহরের একজন বাসিন্দা মোবাইল ক্যামেরায় ওই ভিডিও ধারণ করে বলে রয়টার্স জানিয়েছে।

ঘটনার পরপরই শোক জানিয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সুইজারল্যান্ডের দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে থাকা ট্রুডো এক বিবৃতিতে এ ঘটনাকে ‘প্রত্যেক অভিভাবকের জন্য একটি ভয়াবহ দুঃস্বপ্ন’ হিসেবে অভিহিত করেন।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও দাবি করেন তিনি।

শক্তিশালী ‘বন্দুক নিয়ন্ত্রণ আইন’ এর জন্য কানাডাতে যুক্তরাষ্ট্রের মতো বন্দুক হামলার ঘটনা দেখা যায় না। সর্বশেষ ১৯৯২ সালে কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছিল। এর আগে ১৯৮৯ সালে মন্ট্রিলের ইকোল পলিটেকনিক স্কুলে একইরকম হামলায় ১৪জন নিহত হওয়ার ঘটনা ঘটে।     

কানাডার অন্যান্য প্রদেশের চেয়ে সাসকাচেওয়ানে পারিবারিক সহিংসতার পরিমাণ বেশি বলে স্ট্যাটিস্টিকা কানাডার সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে।