২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো নিয়ে উদ্বেগ

পেশোয়ারের সেনা-স্কুলে জঙ্গি হামলায় ১৩৩টি শিশুর প্রাণ ঝরে যাওয়ার পর আবার সেই পেশোয়ারেই বাচা খান বিশ্ববিদ্যালয়ে বন্দুকের নল কেড়ে নিয়েছে বেশকিছু তরুণ প্রাণ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 09:25 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

চারসাদ্দার এই বিশ্ববিদ্যালয়ে হামলা সেনা-স্কুলে সেই হামলার মত অতটা ব্যাপক মাত্রার না হলেও এর ভয়াবহতা ছিল একইরকম। শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের হামলার পুনরাবৃত্তি বাড়িয়ে দিয়েছে আতঙ্ক।

বুধবার সকালে পেশোয়ার থেকে ৫০ কিলোমিটার দূরে চরসাদ্দা শহরের বাচা খান বিশ্ববিদ্যালয়ে রাইফেল হাতে ঢুকে আবৃত্তি অনুষ্ঠানে জড়ো হওয়া শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা। এতে নিহত হয় অন্তত ২১ জন।

পাকিস্তানের উত্তরাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর অভিযানের কারণে দুর্ভোগ পোহানো লোকজন সেখানে সবসময়ই সহিংসতার আশঙ্কায় আছে। এ পরিস্থিতে এমন জঙ্গি হামলায় তারা আরও বেশি অসহায় বোধ করছে।

তালেবান হামলা থেকে বেঁচে যাওয়া নারী আন্দোলন কর্মী মালালা ইউসুফজাই আতঙ্কিত, অসহায় এইসব মানুষের জন্য আশার আলো হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে বার বার জঙ্গি হামলা নিভিয়ে দিচ্ছে সব আশার আলো।

এলাকার অধিবাসীরা প্রিয় সন্তানকে স্কুল-কলেজে পাঠিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারছে না। তাদেরকে ঘিরে ধরছে সহিংসতায় সন্তান হারানোর ভয়।

পেশোয়ার ক্যান্টরমেন্টের এক ব্যবসায়ী জানিয়েছেন তার আতঙ্কের কথা। বলেছেন, “সেনা-স্কুলে হামলার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর এখন বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় আমি আমার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে না পাঠাতে বাধ্য হয়েছি।”

একই ধরনের আতঙ্ক প্রকাশ পেয়েছে পেশোয়ারের আরেক অধিবাসী রহিম শাহ এর কথায়। সিএনএন কে তিনি বলেন, “আমাদের আরও নিরাপত্তা চাই। পুরো নিরাপত্তা ছাড়া মানুষ এখন আর তাদের সন্তানদেরকে স্কুল কলেজে পাঠাতে চাইছে না।”

অধিবাসীদের অনেকেই মনে করেন নিরাপত্তা বিধানে সেনাবাহিনী এখনও যথেষ্ট কিছু করে উঠতে পারেনি। জঙ্গি হামলা মোকাবেলায় সুপরিকল্পনা থাকতে হবে বলেও মত দিয়েছেন অনেকে।  স্কুল- কলেজ ক্যাম্পাসে শুধু কাঁটাতারের বেড়া দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে মত প্রকাশ করেন তারা।

তবে এ নিরাপত্তাহীনতা আর শঙ্কার মাঝেও আতঙ্ককে জয় করার সাহস দেখিয়েছেন কেউ কেউ। “আমাদেরকে সন্ত্রাসীদের দয়ার ওপর নির্ভর করে থাকলে হবে না”- বলেন, পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।  তার কথায়, “আমাদেরকে ভয় পেলে চলবে না। সন্ত্রাসীদের সঙ্গে লড়তে হবে, চালিয়ে যেতে হবে পড়াশোনাও।”

পুরনো খবর:

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলা: তালেবানের দুই কথা
পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গুলি, নিহত ২১