‘এশিয়া-প্যাসিফিকে সামরিক ভারসাম্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে’
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় এলাকার সামরিক শক্তির ভারসাম্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে যাচ্ছে বলে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সামর্থ্যকে চীন ও উত্তর কোরিয়ার চ্যালেঞ্জ এবং পেন্টাগনের ব্যয় সীমাবদ্ধতার মুখোমুখি হওয়াতেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের করা এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। মঙ্গলবার এটি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানটির গবেষকরা ‘উদ্বেগ’ প্রকাশ করে বলেছেন, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এশিয়ার সঙ্গে ‘ভারসাম্য’ প্রতিষ্ঠার যে কৌশল প্রেসিডেন্ট বারাক ওবামা নিয়েছেন তা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ নিরাপদ করার জন্য সম্ভবত পর্যাপ্ত নয়।
এতে বলা হয়, “চীন এবং উত্তর কোরিয়ার পদক্ষেপগুলো নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতাকে এবং যুক্তরাষ্ট্রের উন্নয়নের সামর্থ্যকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে, এতে ওই অঞ্চলের সামরিক ভারসাম্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে যাচ্ছে।”
প্রতিবেদনে চার সুপারিশ করা হয়েছে।
প্রথমত সরকারের ভিতরে বিদ্যমান দ্বিধার মুখে হোয়াইট হাউসের উচিত একটি একক পুনঃভারসাম্যের কৌশল তৈরি করা। অন্যান্য বিষয়ের মধ্যে প্রশাসনকে কংগ্রেসের আওতার বাইরে যাওয়া বাড়াতে এবং মিত্রদের সঙ্গে উন্নত সমন্বয় গড়ে তুলতে হবে।
দ্বিতীয়ত ওয়াশিংটনকে মিত্র ও অংশীদারদের শক্তিশালী করার উদ্যোগকে গতিশীল করতে হবে, এর মধ্যে সমুদ্রসীমার নিরাপত্তাও অন্তর্ভুক্ত করতে হবে।
তৃতীয়ত এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রকে তার অবস্থান সংহত করে সামরিক উপস্থিতি বাড়াতে হবে।
এবং চতুর্থত যুক্তরাষ্ট্রের জাহাজগুলো ও অগ্রগামী ঘাঁটিগুলোর জন্য বাড়তে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি প্রতিরোধ করার সামর্থ্য বাড়াতে সামরিক বাহিনীর নতুন সক্ষমতা তৈরির লক্ষ্যে উন্নয়নের গতি বাড়াতে হবে।
