‘ইরানপন্থি মিলিশিয়ারা অপহরণ করেছে মার্কিনিদের’
গেল সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদ থেকে নিখোঁজ হওয়া তিন মার্কিন নাগরিককে ইরানসমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনী অপহরণ করে আটকে রেখেছে।
মঙ্গলবার এ অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র সরকারের দুটি সূত্র ও দুই ইরাকি গোয়েন্দা কর্মকর্তা।
শুক্রবার বাগদাদের ডোরা এলাকার একটি বাসভবন থেকে অজ্ঞাত বন্দুকধারীরা ওই তিন মার্কিনিকে অপহরণ করে বলে জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা।
২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের পর দেশটিতে এই প্রথম তিন মার্কিন নাগরিক অপহৃত হলেন।
যুক্তরাষ্ট্রের সূত্রগুলো জানিয়েছে, এই অপহরণের সঙ্গে তেহরান জড়িত ওয়াশিংটনের এমন বিশ্বাস করার কোনো কারণ নেই এবং তিনজনকে ইরাকের প্রতিবেশী দেশ ইরানে বন্দি করে রাখা হয়েছে বলেও তারা মনে করেন না।
বাগদাদ থেকে ইরাকি সূত্রগুলোর মধ্যে একজন বলেন, “ব্যক্তিগত বা আর্থিক কোনো কারণে নয়, আমেরিকান হওয়ায় তাদের অপহরণ করা হয়েছে।”
ঘটনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর বড় ধরনের একটি কাজের ঠিকাদারি নেওয়া জেনারেল ডায়নামিক্স কর্পোরেশনের হয়ে কাজ করা ছোট একটি কোম্পানিতে কর্মরত ছিলেন ওই অপহৃত মার্কিনিরা।
তাদের সহায়তা ছাড়াই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সহায়তায় ইরাকি বাহিনী রামাদি দখলে সাফল্য পাওয়ায় ‘ক্ষুব্ধ’ হয়ে শিয়া মিলিশিয়া বাহিনী এই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বাগদাদভিত্তিক বিশ্লেষক হিশাম আল হাশেমি।
ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি প্রতিদ্বন্দ্বী শক্তি ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্কে ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টায় আছেন। এই সময়ে এ অপহরণ কাণ্ড ঘটিয়ে শিয়া মিলিশিয়া বাহিনীটি আবাদিকে বিব্রত ও তাকে দুর্বল করতে চাইছে বলে মনে করেন আবাদি সরকারের উপদেষ্টা হাশেমি।
