উত্তর কোরিয়ার মদে ‘হ্যাংওভার’ হবে না!
উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা এমন এক ধরনের মদ তৈরি করেছেন যা পানে ‘হ্যাংওভার’ বা অস্বস্থির সৃষ্টি হবে না।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র পিয়ংইয়ং টাইমসের বরাতে মঙ্গলবার এ খবর জানিয়েছে বিবিসি।
সংবাদপত্রটি জানিয়েছে, ‘সুভে’ মদ পানের পর মাতাল হবে না কেউ, ঘুম থেকে ওঠার পরও দেহ টলবে না, মদে অ্যালকোহলের পরিমাণ ৩০ শতাংশ থেকে ৪০ শতাংশ হলেও পার্শ্বপ্রতিক্রিয়া হবে না।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ায় পাওয়া যায় এমন এক ধরনের জিনসেং যাকে ইনসাম বলা হয়, এবং আঁঠালো ভাত থেকে তৈরি করা হয়েছে এই মদ। এই ইনসাম ও ভাতের চাল উৎপাদন করতে হয় বিশেষ পদ্ধতির আবাদের মাধ্যমে।
বিবিসি লিখেছে, উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলো প্রায়ই নিজেদের সাফল্যের ‘উদ্ভট’ সব দাবি জানিয়ে থাকেন।
গেল বছর উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলোতে বলা হয়, ইনসামের নির্যাস থেকে তৈরি করা তাদের ওষুধগুলোতে মার্স, সার্স এবং এমনকি এইডসের মতো রোগও সেরে যায়।
