কুয়ালালামপুরে সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেপ্তার
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি রেলওয়ে স্টেশন থেকে অস্ত্র ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত কাগজপত্রসহ এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার এ গ্রেপ্তারের কথা জানিয়েছে মালয়েশীয় পুলিশ।
ট্যুইটারে মালয়েশীয় পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর জানিয়েছেন, রাজধানীর কেন্দ্রস্থলের কাছে জেলাটিক স্টেশন থেকে শুক্রবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ গ্রেপ্তারের বিষয়ে পুলিশ পরে বিস্তারিত জানাবে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার প্রতিবেশী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলার পর থেকে মালয়েশিয়াজুড়ে উচ্চ নিরাপত্তা সতর্কাবস্থা চলছে। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে চালানো ওই হামলায় সাতজন নিহত হন।
হামলার পরদিন শুক্রবার দেশজুড়ে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন জঙ্গিকে হত্যা ও অপর দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইন্দোনেশীয় পুলিশ।
