তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট
তাইওয়ানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট হিসেবে একজন নারী জয়ী হতে পারেন।
বিবিসি বলছে, এতে করে চীনের সঙ্গে দেশটির ভবিষ্যৎ সম্পর্ক অনিশ্চিত হয়ে পড়তে পারে।
তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার হুমকি দিয়ে রেখেছে।
শনিবারের নির্বাচনে তাইওয়ানের বিরোধী ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী সাই ইং-ওয়েন জয়ী হলে দেশটিতে স্বাধীনতাপন্থিদের জয় হবে এবং তিনি হবেন তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট। কিন্তু এতে করে চীনের সঙ্গে দেশটির সম্পর্ক ঝুঁকির মুখে পড়বে।
অপরদিকে ক্ষমতাসীন কুয়োমিন্টাং পার্টির (কেএমটি) প্রার্থী এরিক চু জয়ী হলে চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।
এই প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন।
দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নির্বাচনের কয়েক মাস আগে দুই দেশের দুই নেতা ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছিলেন।
প্রতীকি হলেও কুয়োমিন্টাং প্রেসিডেন্ট মা ইং জেউ ও চীনা প্রেসিডেন্ট কমিউনিস্ট পার্টির শি জিনপিংয়ের বৈঠকটি ইতিহাসের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নভেম্বরে সিঙ্গাপুরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বর্তমান প্রেসিডেন্ট মা ইং জেউ। ফাইলছবি: রয়টার্স
কুয়োমিন্টাংরা এক চীন নীতির সমর্থক হলেও ডিপিপি স্বাধীনতাকামী। চীনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক এবারের নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু।
এর আগে ডিপিপি-র চেন শুই বিয়ান প্রথমবারের মতো তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত তার মেয়াদকালে চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কে উত্তেজনার সৃষ্টি হয়েছিল।
এবারের নির্বাচনে ৫৯ বছর বয়সী সাই নির্বাচিত হলে তিনি হবেন ডিপিপি-র দ্বিতীয় প্রেসিডেন্ট। তবে নির্বাচিত হলে চীনের সঙ্গে সম্পর্ক কী হবে সেই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেননি তিনি।
