ফ্রান্সে নতুন ওষুধ পরীক্ষায় অসুস্থ ৫, একজন কোমায়
ফ্রান্সে নতুন একটি ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে গিয়ে পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং একজন কোমায় চলে গেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মণ্ত্রণালয়।
মণ্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “পরীক্ষায় অংশগ্রহণকারীরা ইউরোপের এক গবেষণাগারে তৈরি করা খাওয়ার একটি ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়ে।”
স্বাস্থ্যমন্ত্রী মাহিসোর তুহেন বলেন, “রেন শহরে ব্যক্তিমালিকাধীন একটি গবেষণাগারে ওষুধটি পরীক্ষা করার সময় এ মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।” দুর্ঘটনার কারণ কি তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রীর রেনে যাওয়ার কথা রয়েছে।
ওষুধটির পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এবং গবেষণাগারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের ডেকে পাঠানো হয়েছে।
ঠিক কতজন এই পরীক্ষায় অংশ নিয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।
ফ্রান্সের গণমাধ্যমগুলো জানায়, ওষুধটি গাঁজা-ভিত্তিক বেদনানাশক ওষুধ। তবে স্বাস্থ্যমন্ত্রণালয় একথা অস্বীকার করেছে।
পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে এ সপ্তাহের শুরুতে প্রথম একজন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।
