জাকার্তায় হামলাকারীদের সনাক্ত করেছে পুলিশ
ইন্দোনেশিয়ার জাকার্তায় ৫ হামলাকারীর চার জনকেই সনাক্ত করেছে পুলিশ। এর মধ্যে দুই জঙ্গি আগে থেকেই অভিযুক্ত।
তাদের একজনের নাম আফিফ সুনাকিম বলে জানিয়েছে পুলিশ। হামলার সময় তাকে বন্দুক এবং ব্যাকপ্যাক বহন করতে দেখা গেছে। জঙ্গি শিবিরে প্রশিক্ষণ নেওয়ার জন্য তার ৭ বছরের জেল হয়েছিল।
বৃহস্পতিবার জাকার্তায় হামলার সময় ৫ হামলাকারীই নিহত হয়। তাদের সঙ্গে নিহত হয় দুই বেসামরিক নাগরিকও। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।
জাতীয় পুলিশ প্রধান জেনারেল বদরুদিন হাইতি বলেছেন, সুনাকিম এবং আরেকজন হামলাকারী দুইজনই অভিযুক্ত অপরাধী।
হামলার পেছনে জড়িত অন্য আরও জঙ্গির খোঁজ চলছে বলে জানিয়েছেন জাকার্তার পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল টিটো কারনাভিয়ান।
বিবিসি জানায়, শুক্রবারও তিনজন গ্রেপ্তার হয়েছে। তবে হামলার ঘটনার সঙ্গে এর যোগসূত্র আছে কিনা তা পরিষ্কার জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে জাকার্তার কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট প্রাসাদ, জাতিসংঘ কার্যালয়ের কাছে এবং সারিনা শপিং মলের বাইরে একের পর এক বিস্ফোরণ ঘটে।
জঙ্গিদের সঙ্গে কয়েকঘন্টা ধরে পুলিশের বন্দুযুদ্ধও হয়। একজন কানাডীয় এবং একজন ইন্দোনেশীয় নিহত হওয়াসহ অন্তত ২০ জন আহত হয়।
আত্মঘাতী হামলায় দুই হামলাকারী নিহত হয় আর বাকী তিন হামলাকারী নিহত হয় বন্দুকযুদ্ধে। আইএসের হুমকির মুখে ইন্দোনেশিয়া উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
শুক্রবার সকালের দিকে জাকার্তায় তিনজন গ্রেপ্তার হওয়ার কথা স্থানীয় গণমাধ্যমকে জানায় পুলিশ। পুলিশের এক মুখপাত্র এদিন নিশ্চিত করে জানিয়েছেন, হামলা পরিকল্পনাকারীদের সঙ্গে আইএস এর যোগসাজশ আছে।
