‘ব্যক্তিগত মেসেজ পড়ে দেখতে পারবে অফিস’
অফিসে কাজের সময় কর্মচারীদের অনলাইন চ্যাট বা ব্যক্তিগত ইমেইল একাউন্টে পাঠানো মেসেজ পড়ে দেখতে পারবেন নিয়োগকর্তারা। সে অধিকার তাদের আছে বলেই এক মামলায় রায় দিয়েছে ইউরোপের মানবাধিকার আদালত (ইসিএইচআর)।
বিবিসি জানিয়েছে, রুমানিয়ার এক ইঞ্জিনিয়ার তার গোপন চিঠিপত্র পড়ার অধিকার অফিসের নেই বলে ইউরোপীয় আদালতে মামলা করেছিলেন। আশা ছিল আদালত তার পক্ষে রায় দেবে।
কিন্তু সে মামলায়ই আদালতের বিচারকরা মঙ্গলবার উল্টো রায় দিয়ে বলেছেন, অফিসের কাজের সময় কর্মীর পাঠানো ইয়াহু মেসেঞ্জারে কী বার্তা রয়েছে তা পড়ার অধিকার নিয়োগকর্তাদের আছে।
কাজের সময় ব্যক্তিগত মেসেঞ্জার ব্যবহার করা সেই কর্মীর অফিসের নিয়মকানুন ভঙ্গের সামিল এবং নিয়োগকর্তার অধিকার আছে তার কর্মকাণ্ড খতিয়ে দেখার।
রুমানিয়ার ফার্মের সেই ইঞ্জিনিয়ার ইয়াহু মেসেঞ্জারকে তার ব্যক্তিগত এবং অফিসের কাজে ব্যবহার করতেন।
বিচারকরা বলছেন, অফিসের দায়িত্ব হচ্ছে কর্মী ঠিকমত কাজ করছে কি না তা দেখা। আর কর্মী দুই কাজে একই ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করায় অফিস তার মেসেজগুলো খুলে দেখে কোন ভুল করেনি।
২০০৭ সালে ওই ইঞ্জিনিয়ারকে চাকরিচ্যুত করা হয়।
ইউরোপীয় মানবাধিকার আদালতের দেওয়া রায়টি যুক্তরাজ্যসহ যে সব দেশ মানবাধিকার সংক্রান্ত ইউরোপীয় সনদে সই করেছে সে সব দেশে প্রযোজ্য হবে।
