‘অভিযুক্ত নাবিককে ভারতে পাঠাবে না ইতালি’
দুই ভারতীয় জেলেকে হত্যার দায়ে অভিযুক্ত একজন ইতালিয়ান নাবিককে বিচারের জন্য ভারতে ফেরত পাঠানো হবে না বলে ইতালির একজন সিনেটর জানিয়েছেন।
গেল বছর ভারতের একটি আদালত মেসিমিলিয়ানো লাতোরের হৃদপিণ্ডে অস্ত্রোপচারের পর তাকে নির্দিষ্ট সময়ের জন্য ইতালিতে অবস্থানের বিষয়টি অনুমোদন করেছিল।
বিবিসি বলছে, চিকিৎসার জন্য জামিনে ইতালি ফিরে যাওয়া ওই নাবিকের শুক্রবারের মধ্যে ভারতে আসার কথা ছিল।
ইতালির সিনেট ডিফেন্স কমিটির প্রেসিডেন্ট নিকোলা লাতোরে বলেন, “মেসিমিলিয়ানো লাতোরে ভারতে ফিরে যাচ্ছেন না। অপর নাবিক সালভাতোরে জিরোনেকেও ফেরত পাঠানো হবে কিনা সেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে।”
এ ব্যাপারে ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সিনেটরের বক্তব্য প্রত্যাখ্যান কিংবা নিশ্চিত করেনি।
অবশ্য ভারত আগেই জানিয়েছে, আইন অনুযায়ী ওই দুই নাবিকের বিচার হবে। তবে তাদের সম্ভাব্য শাস্তি মৃত্যুদণ্ড নয়।
ইতালি বার বার দাবি করেছে, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এবং অভিযুক্ত দুই নাবিকের বিচার ইতালিতে হওয়া উচিৎ।
একটি কার্গো জাহাজের নিরাপত্তা প্রদানকারী সেনাসদস্যদের দলে ছিলেন ওই দুই নাবিক।
আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে ওই দুই নাবিক বলেছেন, তারা ওই দুই জেলেকে ভুল করে জলদস্যু ভেবেছিলেন এবং তাদের সতর্ক করার জন্য পানির মধ্যে গুলি চালিয়েছিলেন।
২০১২ সালের ফেব্রুয়ারিতে কেরালা সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মেসিমিলিয়ানো লাতোরে এবং সালভাতোরে জিরোনে কাউকে হত্যার উদ্দেশ্যে গুলি বা জেলে নৌকায় সরাসরি গুলি চালানোর কথা অস্বীকার করেন। বর্তমানে তারা জামিনে ইতালিতে রয়েছেন।
