২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্তাম্বুলে পর্যটক হত্যা করেছে আইএস: তুরস্ক

তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক স্টেটেরই (আইএস) এক জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে। যাদের অন্তত ৯ জন জার্মান পর্যটক। বলছেন, তুরস্কের কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 10:52 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

সুলতানাহমেত পর্যটন এলাকায় বিখ্যাত ব্লু মসজিদের কাছে মঙ্গলবার এ হামলাটি একজন সিরীয় নাগরিকই চালায় বলে জানিয়েছেন তারা। হামলায় আহত ১৫ জনেরও বেশির ভাগই জার্মানির নাগরিক।

তুরস্কের প্রধানমন্ত্রী জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলকে ফোন করে নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন। পরে তিনি বলেন, “আমরা দৃঢ় সিদ্ধান্তে পৌঁছেছি যে, হামলাকারী একজন বিদেশি, সে আইএস (দায়েশ) এর সদস্য।”

তিনি হামলাকারীর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেন এবং আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়ে যাওয়ার সংকল্পও ব্যক্ত করেন।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নুমান কারতুলমাস এর আগে জানিয়েছিলেন, “আত্মঘাতী হামলাকারী একজন সিরীয় বলে তারা সনাক্ত করেছেন এবং তার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।”

হামলাকারীরকে তার ছিন্ন হয়ে যাওয়া দেহাংশ থেকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

উপ-প্রধানমন্ত্রী জানান, ওই ব্যক্তির নাম তুরস্কের জঙ্গি নজরদারি তালিকায় ছিল না। সে সিরিয়া থেকে সম্প্রতি তুরস্কে এসেছিল বলেই ধারণা করা হচ্ছে।

ইস্তাম্বুলের গভর্নর কার্যালয় বলেছে, মঙ্গলবারের হামলার জন্য কারা দায়ী এবং কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে।

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান টিভিতে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে বলেছেন, “এ ঘটনা আবারও দেখিয়ে দিল যে আমাদেরকে সমস্ত মনপ্রাণ দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের সংকল্প শেষ পর্যন্ত অটুট থাকবে।”

নেটো সদস্য দেশ তুরস্ক ইরাক এবং সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশনে অংশ নিয়েছে।

তুরস্কে মঙ্গলবারের হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে আঙ্কারার সঙ্গে লড়ে আসা তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের ইসলামপন্থি, বামপন্থি এবং কুর্দি মিলিশিয়ারা অতীতে এমন বোমা হামলা চালিয়েছে।

এরদোয়ান বলেছেন, “তুরস্ক এ অঞ্চলের সব সন্ত্রাসী গ্রুপগুলোরই হামলার লক্ষ্য। তাদের সবার সঙ্গেই সমানভাবে লড়ে যাচ্ছে তার দেশ।”