২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাশুড়িকে মারপিটের ভিডিও ছড়ানোর পর বউ গ্রেপ্তার

ভারতে শাশুড়িকে মারধরের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তার পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 09:40 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

উত্তর প্রদেশের বিনোর জেলায় ৭০ বছর বয়সী রাজ রানী জৈনকে মারধরের অভিযোগে মঙ্গলবার সঙ্গীতা জৈনকে গ্রেপ্তার করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

স্ত্রীর কর্মকাণ্ড জনসমক্ষে আনতে সঙ্গীতার স্বামী সন্দ্বীপ জৈন ঘরে সিসি ক্যামেরা বসান। যে ফুটেজটি ইন্টারনেটে ছড়িয়েছে সেটি গত সপ্তাহের বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওতে বিছানার ওপর গায়ে কাঁথা মোড়ানো এক বৃদ্ধাকে থাপ্পড় ও ঘুষি মারতে দেখা যায় এক নারীকে। ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি নিয়ে ভারতে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। 

পুলিশ বলছে, ওই পরিবারে স্বামী, স্ত্রী ও শাশুড়ির মধ্যে মারামারির অনেক ঘটনা ঘটে।

সন্দ্বীপ বলেন, সাত বছর আগে বিয়ে হওয়ার পর থেকেই সঙ্গীতা তার পরিবারের ওপর চড়াও হত।

তবে তার মাকে স্ত্রীর মারধরের কারণ এবং এ বিষয়ে পুলিশে অভিযোগ করতে সন্দ্বীপ কেন এতো সময় নিলেন সে বিষয়টি স্পষ্ট নয়।

এ ঘটনায় সঙ্গীতার বিরুদ্ধে শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে ওই ফুটেজ নিয়ে এখনও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হাসপাতালে ভর্তি রানী জৈন সাংবাদিকদের বলেন, “ছেলেবউ আমাকে থাপ্পড়- কিল মারে এবং গলাটিপে ধরার চেষ্টা করে।”

তার স্ত্রী সব সময় ‘এ রকম’ বললেও সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি সন্দ্বীপ।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে বিনোরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা দিলজিত চৌধুরী জানিয়েছেন।

“আমি জানতে পেরেছি, ওই পরিবারের অনেক মারামারি হত,” এনডিটিভিকে বলেন তিনি।