কোলনে সংঘবদ্ধ হামলায় দুই পাকিস্তানি, সিরীয় আহত
জার্মানির কোলন শহরে এবার বিদেশিদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার একদল লোক অভিবাসন প্রত্যাশীদের উপর হামলা করলে দুই পকিস্তানি ও একজন সিরীয় নাগরিক আহত হয়।
ঘটনার বর্ণনায় রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় ২০ জনের একটি দল ছয় পাকিস্তানির উপর হামলা চালায়। তার কয়েক মিনিট পর পাঁচজনের অন্য একটি দল সিরিয়ার এক ব্যক্তিকে মারধোর করে।
বিবিসি ছয় পাকিস্তানি ও এক সিরিয় নাগরিকের আহত হওয়ার খবর প্রকাশ করেছে। আহত পাকিস্তানিদের মধ্যে দুই জনকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি।
স্থানীয় দৈনিক এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা মূলত রকার ও হোলিগান গ্যাংয়ের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আলাপের মাধ্যমে তারা কোলনের কেন্দ্রস্থলে জড় হয় এবং বিদেশিদের খুঁজে বের করে হামলা করে।
৩১ ডিসেম্বর রাতে নতুন বছরকে বরণ করার উৎসবে জার্মানির কোলনসহ আরও কয়েকটি শহরে যৌন নিপীড়ন ও চুরির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উত্তর আফ্রিকা ও আরব দেশগুলো থেকে আসা আভিবাসন প্রত্যাশীরা মূলত ওই হামলা চালিয়েছে।
পুলিশ জানায়, এখন পর্যন্ত বর্ষবরণ উৎসবে হামলা ও নির্যাতনের শিকার হওয়ার ছয়শ’র বেশি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে ৪০ শতাংশ যৌন নির্যাতনের অভিযোগ। দুইটি ধর্ষণের অভিযোগও রয়েছে।
পুলিশের একশ সদস্যের একটি শক্তিশালী দল বিষয়টি নিয়ে তদন্ত করছে।
