২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান

সমাবেশ থেকে বের করে দেওয়া মুসলিম নারীর কাছে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ‘দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ (সিএআইআর)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 10:44 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

পুরনো খবর:

ট্রাম্পের সমাবেশ থেকে তাড়িয়ে দেওয়া হল মুসলিম নারীকে

শুক্রবার রাতে সাউথ ক্যারোলাইনায় রক হিলে সমাবেশ করেন রিপাবলিকান পার্টি থেকে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ট্রাম্প।

রোজ হামিদ নামের এক মুসলিম নারী ওই সমাবেশে উপস্থিত ছিলেন।

ইসলাম ও অভিবাসীবিরোধী বক্তব্যের জন্য আগে থেকেই সমালোচিত ট্রাম্প সমাবেশে সিরিয়ার শরণার্থীদের ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক বলে মন্তব্য করলে ৫৬ বছর বয়সী রোজ নীরবে দাঁড়িয়ে তার প্রতিবাদ জানান।

Image
ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ থেকে বের করে দেওয়া হচ্ছে রোজ হামিদকে

ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ থেকে বের করে দেওয়া হচ্ছে রোজ হামিদকে

টেলিভিশন চিত্রে দেখা যায়, হিজাব পরিহিত রোজের পরনে সি গ্রিন রংয়ের একটি গেঞ্জি। তাতে লেখা- ‘সালাম, আমি শান্তির জন্য এসেছি’।

রোজ দাঁড়িয়ে থাকার সময় পাশে বসে থাকা ব্যক্তিরা তাকে বিদ্রুপ করছিল এবং রোজও তার পাল্টা জবাব দিচ্ছিলেন।

এক পর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুরু হলে নিরাপত্তারক্ষীরা ছুটে আসে এবং রোজকে সমাবেশ থেকে বের করে দেয়।

সিএআইআর’র পক্ষ থেকে বলা হয়, সাউথ ক্যারোলাইনার সমাবেশ থেকে রোজ হামিদকে বের করে দেওয়া ‘আমেরিকার মুসলিম জনগণের জন্য নৈরাশ্যজনক’।

Image
সমাবেশে বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প

সমাবেশে বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প

শুধু রোজ হামিদের কাছে ক্ষমা প্রর্থনাই নয় বরং সিএআইআর মনে করে, ট্রাম্পের উচিত এমন একটি বিবৃতি দেওয়া যেখানে স্পষ্ট করে বলা হবে ‘আমেরিকার মুসলিমরা দেশটির সম্মানিত নাগরিক এবং জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের পূর্ণ অধিকার তাদের আছে’।

এ বিষয়ে এখনও ট্রাম্পের প্রতিক্রিয়া জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।