২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই ও বাংলাদেশের কড়াকড়িতে মানব পাচার কমেছে: জাতিসংঘ

পাচারকারীদের বিরুদ্ধে বাংলাদেশ ও থাইল্যান্ড সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করায় গত চার মাসে দেশ দুইটি থেকে মানব পাচার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Jan 2016, 07:12 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

জাতিসংঘের শরণার্থী সংস্থার আঞ্চলিক মুখপাত্র ভিভিয়ান ট্যান রয়টার্সকে বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী ২০১৫ সালের শেষ চার মাসে অল্প কিছু মানুষ সমুদ্র পথে রওয়ানা হয়েছে।

“যেসব এলাকায় মানব পাচারের ঘটনা বেশি ঘটে ওই সব এলাকায় লোকজনের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে, পাচারকারী ও সম্ভাব্য যাত্রী উভয়ই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

গত বছর মে মাসে মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের একটি  জঙ্গলে পাচারকারীদের পরিত্যক্ত আস্তানায় গণকবর পাওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে সাগর পথে মানবপাচার নিয়ে তোলপাড় শুরু হয়।

এরপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড উপকূলে সাগরে ভাসমান অবস্থায় পাচারকারীদের কয়েকটি নৌকা থেকে কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়, যারা বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা বলে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য।

মিয়ানমারে সরকারের নির্যাতনের শিকার রোহিঙ্গারা গত কয়েক বছর ধরেই সমুদ্রপথে ঝুঁকি নিয়ে প্রতিবেশী মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ থেকেও কাঠের নৌকা বা মাছ ধরার ট্রলারে করে নিয়মিত মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টার ঘটনা ঘটছে।

Image
সমুদ্র থেকে উদ্ধারের পর আশ্রয় শিবিরে অভিবাসন প্রত্যাশীরা, ফাইল ছবি, রয়টার্স।

সমুদ্র থেকে উদ্ধারের পর আশ্রয় শিবিরে অভিবাসন প্রত্যাশীরা, ফাইল ছবি, রয়টার্স।

অধিকাংশ ক্ষেত্রে পাচারকারীরা প্রথমে থাইল্যান্ডের জঙ্গলে কোনো গোপন আস্তানায় ওই সব মানুষদের জড়ো করত এবং সেখানে তাদের আটকে রেখে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করত।

শীতে বঙ্গোপসাগর সাধারণত শান্ত থাকে, বৃষ্টির ঝামেলাও থাকে না। ফলে এই সময়টা সমুদ্র পাড়ি দেওয়ার ‘আদর্শ সময়’ বলে বিবেচিত হয়।

মিয়ানমারে রোহিঙ্গাদের আইনী সুবিধা প্রদাণকারী সংস্থা আরাকান প্রজেক্টের কর্মকর্তা ক্রিস লুয়া বলেন, থাইল্যান্ড ও বাংলাদেশ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় এ বছর অভিবাসনের আশায় সমুদ্রে ভেসে পড়া মানুষের সংখ্যা অনেক কমে গেছে।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশ থেকে দেড়হাজার মানুষ সমুদ্র পথে যাত্রা করেছে বলে জানান লুয়া। যেখানে ২০১৪ সালে ওই সময়ে ৩২ হাজার মানুষ ঝুঁকি নিয়ে সমুদ্রে ভেসে পড়েছিল।

লুয়া রয়টার্সকে বলেন, “কড়াকড়ি ব্যবস্থা আরোপ করায় মানব পাচারকারীরা এখন আর থাইল্যান্ডে ঢুকতে পারছে না। যে অল্প সংখ্যক দালাল এখনও এ কাজ করছে তাদের অনেকের আগে থেকে শ্রমিক আনার ‘অর্ডার’ রয়েছে।”

“বাংলাদেশেরও মানব পাচার বন্ধে বিভিন্ন ধরণের অভিযান পরিচালিত হচ্ছে।”