‘কড়াকড়িতে’ বাংলাদেশ থেকে থাইল্যান্ডে মানবপাচার কমেছে: জাতিসংঘ
বাংলাদেশ থেকে থাইল্যান্ডে মানবপাচারের বিরুদ্ধে দুদেশের সরকার কঠোর ব্যবস্থা নেওয়ায় গত চার মাসে তা উল্লেখযোগ্য হারে কমেছে বলে জাতিসংঘ জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার আঞ্চলিক মুখপাত্র ভিভিয়ান ট্যান রয়টার্সকে বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী ২০১৫ সালের শেষ চার মাসে পাচারের জন্য কিছু মানুষ সমুদ্র পথে রয়েছে।
“যেসব এলাকায় মানবপাচারের ঘটনা বেশি ঘটে, সেসব এলাকায় মানুষের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে, পাচারকারী ও সম্ভাব্য পাচারের শিকার যাত্রীরা পরিস্থিতির সতর্ক পর্যবেক্ষণে রয়েছে।”
গত বছর মে মাসে মালয়েশিয়ার সীমান্তবর্তী থাইল্যান্ডের একটি জঙ্গলে পাচারকারীদের পরিত্যক্ত আস্তানায় গণকবর পাওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে সাগর পথে মানবপাচার নিয়ে তোলপাড় শুরু হয়।
এরপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড উপকূলে সাগরে ভাসমান অবস্থায় পাচারকারীদের কয়েকটি নৌকা থেকে কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়, যারা বাংলাদেশি এবং মিয়ানমারের রোহিঙ্গা বলে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য।
মিয়ানমারে সরকারি নির্যাতনের শিকার রোহিঙ্গারা গত কয়েক বছর ধরেই সমুদ্রপথে ঝুঁকি নিয়ে প্রতিবেশী দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ থেকেও কাঠের নৌকা বা মাছ ধরার ট্রলারে করে নিয়মিত মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টার ঘটনা ঘটছে।
অধিকাংশ ক্ষেত্রে পাচারকারীরা প্রথমে থাইল্যান্ডের জঙ্গলে কোনো গোপন আস্তানায় ওই সব মানুষদের জড়ো করে এবং সেখানে তাদের আটকে রেখে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করে।
শীতে বঙ্গোপসাগর সাধারণত শান্ত থাকে এবং এসময় বৃষ্টি না থাকায় এ সময়টাকে সাগর পাড়ি দেওয়ার ‘আদর্শ সময়’ বলে বিবেচনা করা হয়।
মিয়ানমারে রোহিঙ্গাদের আইনি সেবাদাতা বেসরকারি সংস্থা আরাকান প্রজেক্টের কর্মকর্তা ক্রিস লুয়া বলেন, থাইল্যান্ড ও বাংলাদেশ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় এ বছর অভিবাসনের আশায় সাগরপথে যাত্রা করা মানুষের সংখ্যা অনেক কমে গেছে।
২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশ থেকে দেড় হাজার মানুষ সাগরপথে যাত্রা করেছে বলে জানান লুয়া।
২০১৪ সালের ওই সময়ে ৩২ হাজার মানুষ ঝুঁকি নিয়ে সাগরপথে রওনা হয়।
লুয়া রয়টার্সকে বলেন, “কড়াকড়ি ব্যবস্থা আরোপ করায় মানবপাচারকারীরা এখন আর থাইল্যান্ডে ঢুকতে পারছে না। যে অল্পসংখ্যক দালাল এখনও এ কাজে লিপ্ত রয়েচে তাদের অনেকেরই আগে থেকে শ্রমিক পাঠানোর ‘অর্ডার’ রয়েছে।
“বাংলাদেশও মানবপাচার বন্ধে নানাভাবে অভিযান চালাচ্ছে।”
