২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস ছাড়তে বলায় মা’কে গুলি করে হত্যা

ইসলামিক স্টেট (আইএস) ছাড়তে বলায় জঙ্গি এই দলের এক তরুণ সদস্য সিরিয়ার রাকা শহরে প্রকাশ্যে গুলি করে নিজের মায়ের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করেছে বলে মানবাধিকারকর্মীরা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 07:28 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আলী সাকর নামের ২১ বছর বয়সী ওই তরুণ বুধবার রাকা পোস্ট অফিসের পাশে তার মা লিনা আল কাসেমকে (৪৫) গুলি করে হত্যা করে।

২০১৩ সালের অগাস্টে রাকা দখল করার পর থেকে শহরটিকে নিজেদের ‘রাজধানী’ হিসেবে ব্যবহার করে আসছে আইএস জঙ্গিরা, যারা ইরাক ও সিরিয়ার বিরাট এলাকার নিয়ন্ত্রণ নিয়ে খেলাফত কায়েমের ঘোষণা দিয়েছে। 

উগ্র এই গোষ্ঠী যে কোনো ধরনের ভিন্নমতের বিরুদ্ধে সব সময়ই খড়্গহস্ত। বিভিন্ন সময়ে ভিন্ন ধর্মের লোক বা বিদেশিদের শিরোশ্ছেদ করে সেই ভিডিও তারা ইন্টারনেটেও প্রকাশ করেছে।  

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) বরাত দিয়ে রয়টার্স জানায়, লিনা তার ছেলেকে বারবার বলতেন যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী একসময় আইএসকে বিতাড়িত করবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ছেলেকে আইএস ছেড়ে পালাতে বলেছিলেন লিনা; রাকা ছেড়ে চলে যেতে বলেছিলেন নিরাপদ কোনো স্থানে। আলী এসব বিষয় আইএস নেতাদের বলে দিলে তারা লিনার ‘মৃত্যুদণ্ড’ দেয়।

নেতাদের নির্দেশ মেনে রাকা পোস্ট অফিসের কর্মী লিনাকে তার অফিসের সামনেই প্রকাশ্যে গুলি করে হত্যা করেন আলী।

হত্যার আগে আইএস নেতাদের নির্দেশে লিনাকে আটকে রাখা হয়েছিল বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

এই উগ্র গোষ্ঠী বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে তারা হত্যা করেছে বলে মানবাধিকার সংস্থা এসওএইচআর- এর তথ্য।