ইইউ ছাড়ার দিকে ঝুঁকছে ব্রিটিশরা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিচ্ছে বেশির ভাগ ব্রিটিশ নাগরিক।
বৃহস্পতিবার প্রকাশিত এক জনমত জরিপের ফলে এমনটিই দেখা গেছে। ইইউ ছাড়া না ছাড়ার প্রশ্নে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় গণভোটে বেশির ভাগ মানুষই ইইউ ছাড়ার পক্ষে ভোট দিতে মনস্থির করেছে।
যুক্তরাজ্য ইইউ’য়ে থাকবে কিনা এ ব্যাপারে জুনের শুরুতেই গণভোট ডাকতে পারেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ পরিস্থিতিতে ওআরবি পরিচালিত জনমত জরিপের ফলে ব্রিটিশদের মধ্যে ইইউ বিরোধী মনোভাব বাড়ারই আভাস পাওয়া যাচ্ছে।
এতে দেখা গেছে, ২১ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন হলেও ৪৩ শতাংশ ব্রিটিশই ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে। আর ইইউ’য়ে যুক্তরাজ্যের থাকার পক্ষে রয়েছে মাত্র ৩৬ শতাংশ ব্রিটিশ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
যুক্তরাজ্যে গণভোট রাজনীতিবিদদের অনেকেই যে সময় হবে বলে ধারণা করছেন, তার চেয়ে আগেও হয়ে যেতে পারে এবং ভোটের ফল নির্ভর করবে ভোটারদের এক পঞ্চমাংশের ওপর, যারা এখনও সিদ্ধান্তহীন। ওআরবি জরিপে পাওয়া গেছে এমন আভাসও।
