‘ইয়েমেনে ইরানি দূতাবাসে বিমান হামলা চালিয়েছে সৌদিরা’
ইয়েমেনের রাজধানী সানায় ইরানি দূতাবাসে সৌদি আরব-নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা চালিয়েছে এবং এতে কর্মীরা হতাহত হওয়াসহ দূতাবাসের ক্ষতিও হয়েছে বলে অভিযোগ করেছে ইরান।
রাষ্ট্রীয় গণমাধ্যম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, হামলায় দূতাবাসের কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। সৌদি আরব ‘ইচ্ছাকৃতভাবে’ এ হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
তবে ইরানে পরবর্তী কয়েকটি খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র কেবল দূতাবাসের আশেপাশের এলাকায় আঘাত হেনেছে।
ইরানের দূতাবাসটিতে পুরোদমে কাজ চলছিল কিনা স্পষ্ট জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি। গত বছর অনেকগুলো দেশ তাদের দূতাবাস এবং কর্মীদের সরিয়ে বন্দরশহর এডেনে নিয়ে গেছে।
সানার অধিবাসীরা বৃহস্পতিবার হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে শহরটিতে সৌদি-নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর একের পর এক বিমান হামলা হওয়ার কথা জানায়।
তবে বিমান হামলায় দূতাবাসের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে শহরটির অধিবাসী ও প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থল থেকে এক সাংবাদিকও দূতাবাসের কোনো ক্ষয়ক্ষতি চোখে পড়েনি বলে জানিয়েছেন।
কোয়ালিশনের মুখপাত্র বলেছেন, হামলার লক্ষ্য ছিল বিদ্রোহীদের রকেট লাঞ্চার। আর বিদ্রোহীরা অভিযান চালানোর জন্য পরিত্যাক্ত দূতাবাসগুলোকেই কাজে লাগিয়ে আসছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুসেইন জাবের আনসারি বিমান হামলায় ভবনের বহু নিরাপত্তারক্ষী আহত হয়েছে বলার পর ইরানের এ দাবি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন সৌদি-নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র।
রিয়াদ সরকার হুতি বিদ্রোহীদেরকে সমর্থন দেওয়ার জন ইরাকে দায়ী করে আসছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।
সম্প্রতি সৌদি আরবে শীর্ষ এক শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে দু’দেশ কূটনৈতিক বিবাদে জড়িয়ে পড়েছে।
ইরান-সৌদি আরব সম্পর্কে চরম উত্তেজনার এ সময়ে ইরানের এমন অভিযোগ আগুনে ঘি ঢালার মতো বলেই মনে করছেন বিশ্লেষকরা।
