যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগত অস্ত্র চেয়েছে দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়া সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষার কথা জানানোর একদিন পর কোরীয় উপদ্বীপে কৌশলগত অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে দক্ষিণ কোরিয়া।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একজন সামরিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
তবে উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী পরীক্ষাটি হাইড্রোজেন বোমা পর্যায়ের ছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও সমরাস্ত্র বিশেষজ্ঞরা।
তবে সন্দেহ প্রকাশের পরও পরমাণু কর্মসূচি অব্যাহত রাখায় নিঃসঙ্গ কমিউনিস্ট দেশটি উপর আরো নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ভূগর্ভে চালানো উত্তর কোরিয়ার এই পরীক্ষায় চীনও ক্ষুব্ধ হয়েছে। প্রধান মিত্র হওয়ার পরও চীনকেও এ পরীক্ষার বিষয়ে আগাম কোনো বার্তা দেয়নি দেশটি। আর এতে করে মিত্রতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে চীন।
বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, উত্তর কোরিয়ার পরীক্ষায় প্রতিবেশী জাপানও উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফোন করে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এ ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের দৃঢ় প্রতিক্রিয়া জানানো দরকার বলে মন্তব্য করেছেন।
ইস্যুটির প্রতিক্রিয়ায় কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ফোন করে কথা বলেছেন প্রেসিডেন্ট ওবামা।
দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিভক্ত কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের কৌশলগত সমরাস্ত্র মোতায়েন করা নিয়ে আলোচনা করেছে দেশদুটি, তবে এর বেশি কিছু জানাতে অস্বীকার করেন তিনি।
শেষবার ২০১৩ সালে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা করার পর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় পরমাণু বোমা নিক্ষেপের সক্ষমতা সম্পন্ন এক জোড়া বি-৫২ স্টিলথ বোমারু বিমান পাঠিয়েছিল। উপদ্বীপের দুই পাশে শক্তির ভারসাম্য আনাই এর লক্ষ্য ছিল।
উত্তর কোরিয়ার ধারাবাহিক পরমাণু পরীক্ষার পরও নিজে পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবছে না বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। যদিও দেশটির ক্ষমতাসীন দলের নেতারা এ দাবি জানিয়েছেন।
অপরদিকে ১৯৯১ সালে দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে নেওয়া কৌশলগত পরমাণু ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ফের মোতায়েন করবে এমন সম্ভাবনাও তেমন নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কাগজে-কলমে এখনও উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই আছে দক্ষিণ কোরিয়া।
১৯৫২ সালে যুদ্ধবিরতির মাধ্যমে দুই কোরিয়ার যুদ্ধ থামলেও কোনো চুক্তির মাধ্যমে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়নি।
