২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্রুনয়নে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পরিকল্পনা ওবামার

কংগ্রেসের সাড়া  না পাওয়ার পর আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণে নিজের নির্বাহী ক্ষমতার প্রয়োগ ঘটানোর পরিকল্পনা অশ্রুনয়নে তুলে ধরলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jan 2016, 01:53 AM

Updated : 11 Oct 2022, 07:32 PM

মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এই পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “গান লবি এখন হয়ত কংগ্রেসকে জিম্মি করতে পেরেছে, কিন্তু আমেরিকানদের জিম্মি করতে পারে না।”

প্রেসিডেন্টের প্রাসাদে এই অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্রের অপব্যবহারের শিকার যুক্তরাষ্ট্রের স্কুলশিশুদের পরিবারের সদস্যরা ছিলেন।

ওবামা প্রায়ই বলে থাকেন, ২০১২ সালে কানেটিকাটের নিউ টাউনে উন্মত্ত বন্দুকধারীর গুলিতে ২০ শিশুর মৃত্যুর ঘটনা তার প্রেসিডেন্ট জীবনে ছিল সবচেয়ে কঠিন সময়।

“প্রতিটা মুহূর্তে আমার ওই শিশুগুলোর কথা মনে পড়ে, আর তা আমাকে পাগল করে দেয়,” একথা বলার সময় ওবামার গাল বেয়ে নামে অশ্রুধারা।

“সেদিন, ঠিক ওই দিনটি আমাকে বদলে দিয়েছে,” বলার ঠিক আগেই অনুষ্ঠানে মার্ক বারডেনকে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার ৭ বছরের ছেলে সেদিন প্রাণ হারিয়েছিল।

ওবামা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে তার পরিকল্পনা হাজির করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আহ্বান জানিয়েছেন, তারা যেন আগামীতে সেই ব্যক্তিকেই ভোট দেন, যিনি এই আইন আরও কঠোর করতে চান।

ওবামা বলেন, আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র রাখার সাংবিধানিক অধিকার থাকবে, তবে অপব্যবহার রোধে এক্ষেত্রে একটা ভারসাম্য দরকার।

কানেটিকাটের ঘটনার পর থেকে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের আইন কঠোর করতে এগিয়ে যান ওবামা। কিন্তু কংগ্রেসের সায় না পাওয়ায় তাতে সফল হতে পারেননি তিনি।

এরপর কলোরাডো স্প্রিংসে এবং সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোতে নির্বিচার হত্যাকাণ্ডের পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি আরও জোরালো হয়।

তখন কংগ্রেসের নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে নিজের নির্বাহী ক্ষমতায় যতটুকু সম্ভব, তা বাস্তবায়নে এককভাবে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেন ওবামা।

এখন থেকে যুক্তরাষ্ট্রের ভেতরে বন্দুক তথা আগ্নেয়াস্ত্র বিক্রেতাদের প্রত্যেকের অতীত পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন ওবামা।

মানসিক অসুস্থতা ও সহিংসতার সঙ্গে যুক্ত থাকার কারণে যাদের বন্দুক কেনার অনুমোদন নেই তাদের সম্পর্কে ব্যবসায়ীদের তথ্য দিতে হবে রাজ্যগুলোকে।