২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা ইরানের শত্রু হয়ে জন্মাইনি: সৌদি জাতিসংঘ দূত

সৌদি আরব ইরানের আজন্ম শত্রু নয় জানিয়ে জাতিসংঘে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দাল্লাহ আল-মুয়াল্লিমি বলেছেন, তেহরান অন্যান্য দেশের ব্যাপারে নাক গলানো বন্ধ করলেই তাদের সঙ্গে সম্পর্ক আবার স্বাভাবিক হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 10:14 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

সৌদি আরব গত শনিবার শীর্ষ শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর  ইরানে এর তীব্র প্রতিক্রিয়া হয় এবং বিক্ষোভকারীরা তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

এর প্রেক্ষাপটে রোববার সৌদি আরব ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তেহরান থেকে নিজ কূটনীতিকদের দেশে ফিরিয়ে নেয়। সেইসঙ্গে ইরানের কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেয়।

সৌদি আরবের মিত্র দেশগুলোও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

সোমবার নতুন করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন এবং বিমান চলাচল বন্ধ করার ঘোষণা দেয় সৌদি আরব।

কি করলে ইরানের সঙ্গে সম্পর্ক আবার স্বাভাবিক হবে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সৌদি আরবের জাতিসংঘ দূত মুয়াল্লিমি বলেন, “খুব সহজ। ইরানকে আমাদের পাশাপাশি অন্যান্য দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।”

“যদি তারা তা করতে পারে তবে আমরা অবশ্যই ইরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করব। আমরা ইরানের শত্রু হয়ে জন্মাইনি।”

ইরান ও সৌদি আরবের মধ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনার কারণে রাজনৈতিকভাবে সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের পথ খুঁজে বের করার চেষ্টা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কারণ, সৌদি আরব সিরিয়ার বিদ্রোহীদের এবং ইরান দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করছে।

যদিও মুয়াল্লিমি আশ্বস্ত করে বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক এ ক্ষেত্রে  কোনো প্রভাব ফেলবে না।

“আমরা সিরিয়া নিয়ে পরবর্তী আলোচনায় অংশ নেব। ইরান বা এর সঙ্গে জড়িত অন্য কারো কারণে আমরা সিরিয়া নিয়ে আলোচনা বয়কট করব না।”

তবে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন মনে করেন, সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করায় বেশ ঝামেলায় পড়তে হবে।

২৫ জানুয়ারি সিরিয়া নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।