আগ্নেয়াস্ত্র আইনের ব্যাপারে ওবামার পদক্ষেপ
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত হামলা-সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটিতে অস্ত্র কেনার সময় ক্রেতার বিস্তারিত তথ্য সংগ্রহসহ আরও কয়েকটি বিধান করতে যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিবিসি বলছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ওবামা তার এই পরিকল্পনার কথা ঘোষণা করবেন।
অবশ্য আগেই প্রকাশিত ওবামার এই পরিকল্পনায় মার্কিন কংগ্রেসের বিরোধিতা রয়েছে।
ওবামার নেয়া পদক্ষেপ কার্যকর হলে যেসব বিক্রয়কারী অনলাইন অথবা প্রদর্শনীর সময় অস্ত্র বিক্রি করতে চাইবেন তাদের ক্রেতাদের সার্বিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বাধ্য হবেন।
আর মূলত এ কারণেই আগ্নেয়াস্ত্রের সমর্থকেরা এ ধরনের আইনের বিপক্ষে।
বিষয়টি নিয়ে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও আওয়াজ তুলছেন। বিশেষ করে রিপাবলিকান শিবির থেকেই এ বিষয়ে মন্তব্য আসছে বেশি।
প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী র্যান্ড পল নির্বাহী ক্ষমতাবলে হতে যাওয়া সম্ভাব্য বিধানটির বিরোধিতা করেছেন।
আরও বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশীও ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউজে যেতে পারলে প্রথমেই এই বিধি মুছে দেবেন তারা।
প্রেসিডেন্ট ওবামা বেশ জোরের সঙ্গেই বলেছেন, আইন অনুযায়ী তার ক্ষমতার সীমা যতটুকু আছে তার মধ্যে থেকেই তিনি এই পদক্ষেপ গ্রহণ করছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
দেশটির সংবিধান অনুযায়ী নাগরিকদের অস্ত্র বহনের অধিকার রয়েছে।
