‘মধ্যপ্রাচ্যে নয়া উত্তেজনায় সিরিয়ার শান্তি প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে’
সৌদি আরবের সুন্নি রাজপরিবারের সঙ্গে শিয়া ইরানের নতুন করে তৈরি হওয়া উত্তেজনায় সিরিয়ার গৃহযুদ্ধের রাজনৈতিক সমাধানের পথ খুঁজে পাওয়ার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি এক বিবৃতিতে জানিয়েছেন, রোববার তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে একথা জানিয়ে সতর্ক করেছেন।
সৌদি আরব শিয়া নেতা শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরানে সহিংসতা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে রোববার সকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জারিফের সঙ্গে মোগেরিনি টেলিফোনে কথা বলেছেন।
মোগেরিনি জানিয়েছেন, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব পক্ষকে সব ধরনের উদ্যোগ নিতে হবে বলে একমত হয়েছেন তারা।
মোগেরিনি আরও বলেন, “সিরিয়ার সঙ্কটের রাজনৈতিক সমাধানের বিষয়টিতে সহায়তার জন্য এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিপক্ষে একটি বাহিনীতে যোগ দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায় এবং প্রধান আঞ্চলিক পক্ষগুলো সক্রিয়ভাবে কাজ করছে। নতুন অস্থিতিশীলতা দিয়ে এসব উদ্যোগকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া ঠিক হবে না।”
মোগেরিনি জানিয়েছেন, তেহরানের সৌদি দূতাবাসে হামলার বিষয়ে তাকে অবহিত করে সৌদি কূটনীতিকদের রক্ষায় ও উত্তেজনা প্রশমনে ইরানি কর্তৃপক্ষ যে সব পদক্ষেপ নিয়েছে তা জানিয়েছেন জারিফ।
রোববার বিকেলে মোগেরিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইরের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন। এ সময় শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার বিরুদ্ধে ইইউ-র অবস্থান পুনর্ব্যক্ত করে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি।
