২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা-হিলারির নীতির কারণে আইএসের সৃষ্টি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার সরকারের প্রথম মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নীতির কারণেই ইসলামিক স্টেটের (আইএস) উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 08:28 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে এক নির্বাচনী বিতর্কে ট্রাম্প শনিবার একথা বলে আবারও শিরোনাম হয়েছেন।

তিনি বলেন, “তারা আইএস’কে সৃষ্টি করেছে। ওবামাকে আইএস সৃষ্টিতে সহযোগিতা করেছেন হিলারি।” তবে এ দুইজনকে দায়ী করলেও ট্রাম্প তার দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি বলে জানিয়েছে সিএনএন।

ট্রাম্প বলেন, তার জানানো আহ্বান অনুযায়ী ওবামা প্রশাসনের আইএস নিয়ন্ত্রিত তেল সম্পদ জব্দ করা উচিত ছিল। কিন্তু তারা তা না করে জঙ্গি গোষ্ঠীটিকে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছে।

বিতর্কে ট্রাম্প ইরানের বিরুদ্ধেও প্রতিবেশী দেশকে দখল করে নিতে চাওয়ার অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, ইরান এবং সৌদি আরবের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র দেশটিকে কব্জা করে নিতে চাওয়ারই লক্ষণ।

তিনি বলেন, “ইরানের তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালানো হয়েছে। আপনারা কি তা দেখেছেন? এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে দেখা যাচ্ছে সৌদি আরব দখলে নিতে চায় ইরান। তারা সবসময় তা চেয়েছে। তারা তেল চায় এবং সবসময় এটা চেয়েছে।”

যুক্তরাষ্ট্রে এবছরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন প্রত্যাশীদের তালিকার শীর্ষে আছেন হিলারি ক্লিনটন। নির্বাচনী বিতর্কে নানাভাবে তার সমালোচনা করে বক্তব্য রাখছেন ট্রাম্প। তার আরও দুইজন প্রতিযোগীও গত নভেম্বরে বলেছিলেন ওবামা এবং ক্লিনটন আইএস সৃষ্টির জন্য দায়ী।