সৌদি আরব ‘খোদার প্রতিশোধ’ ভোগ করবে: খামেনি
সৌদি আরবে শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদন্ড কার্যকরের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, এ জন্য সৌদি আরবকে ‘খোদার প্রতিশোধ’ ভোগ করতে হবে।
সৌদি সরকার সন্ত্রাসবাদের অভিযোগে শেখ নিমরকে প্রাণদণ্ড দিলেও এই শিয়া নেতার সমর্থকদের বিশ্বাস, রাজতন্ত্রের সমালোচনা করায় ‘বিচারের নামে এই প্রহসন’ করা হয়েছে।
রাষ্ট্রীয় টিভিতে খামেনি বলেন, “সৌদি কর্তৃপক্ষ এই মৃত্যদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে অন্যায়ভাবে একজন শহীদের রক্ত ঝরিয়েছে। নিঃসন্দেহে খুব শিগগিরই এ শহীদের রক্তের প্রভাব দেখা যাবে এবং খোদায়ী প্রতিশোধের হাত থেকে সৌদি আরবের রাজনীতিবিদরা রক্ষা পাবে না।”
তিনি দ্বিতীয় দিনের মতো সৌদি আরবের কঠোর সমালোচনা করে এ অভিসম্পাত করলেন।
খামেনির ওয়েবসাইটে কুখ্যাত আইএস জল্লাদ জিহাদি জন এর পাশে ছবি পোস্ট করা হয়েছে সৌদি আরবের জল্লাদের। ছবির ক্যাপশনে লেখা “কোনো তফাৎ?” ইরানের রেভল্যুশনারি গার্ড এ ঘটনার 'কঠোর প্রতিশোধ' নেওয়ার অঙ্গীকার করেছে।
ওদিকে, নিমর হত্যার প্রতিবাদে শিয়া বিক্ষোভকারীরা শনিবার গভীর রাতে তেহরানে সৌদি আরবের দূতাবাসে আগুন দেয়। পুলিশ কিছু বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে।
ইরাকেও এ ঘটনা তীব্র প্রতিক্রিয়া হয়েছে। ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল সিসতানি সৌদি আরবের পদক্ষেপকে অন্যায় আগ্রাসণ বলে বর্ণনা করেছেন।
বাহরাইনসহ আরও কয়েকটি দেশেও নিমর হত্যার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
