আল শাবাবের প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্প!
সোমালিয়ার কট্টরপন্থি জঙ্গিগোষ্ঠী আল শাবাব প্রকাশিত একটি প্রচারণামূলক প্রামাণ্যচিত্রে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ট ট্রাম্পের ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে।
প্রামাণ্যচিত্রটিতে যুক্তরাষ্ট্রের ভিতরে বিদ্যমান জাতিগত অসাম্য তুলে ধরা হয়েছে বলে শনিবার জানিয়েছে পর্যবেক্ষক গোষ্ঠী এসআইটিই মনিটরিং।
৫১ মিনিটের ওই ছবিটির একটি ক্লিপে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা ধনাঢ্য ব্যবসায়ী ও সাবেক টেলিভিশন তারকা ট্রাম্পকে এক নির্বাচনী প্রচারণায় ভাষণ দিতে দেখা যায়।
ডিসেম্বরে দেওয়া ওই ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেন। ছবির ওই অংশটিতে ট্রাম্পকে মুসলিমদের নিষিদ্ধ করার দাবি করতে ও তার সমর্থকদের চিৎকার করে তার দাবিকে সমর্থন করতে দেখা যায়।
২০১১ সালে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত আল কায়েদা নেতা আনওয়ার আল আওলাকির দুটি ক্লিপের মাঝখানে ট্রম্পের ক্লিপটি দেখানো হয়।
ছবিটিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাস করা মুসলিমদের সামনে পছন্দ করার মতো দুটি বিকল্প আছে, যুক্তরাষ্ট্র ছেড়ে ইসলামিক দেশগুলোতে চলে যাওয়া অথবা যুক্তরাষ্ট্রে অবস্থান করে পশ্চিমের সঙ্গে লড়াই করা।
শুক্রবার জঙ্গি সংগঠন আল-কাতায়িব মিডিয়া ফাউন্ডেশন ট্যুইটারে ছবিটি প্রকাশ করে বলে জানিয়েছে এসআইটিই।
যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার ট্রাম্পের দাবি দেশে-বিদেশ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। তার দৃষ্টিভঙ্গী কট্টরপন্থি মুসলিম জঙ্গিরা তাদের প্রচারণার কাজে ব্যবহার করতে পারে বলে কোনো কোনো সমালোচক মন্তব্য করেছিলেন।
