মেক্সিকোয় যুক্তরাষ্ট্রের কন্স্যুলেটের বাইরে গাড়িতে অগ্নিসংযোগ
যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর তিজুয়ানায় প্রতিবেশী দেশটির একটি কন্স্যুলেটের বাইরে দাঁড় করিয়ে রাখা গাড়িতে অগ্নিসংযোগে চারটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
কে এই আগুন লাগিয়ে তা বের করতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও মেক্সিকোর কর্তৃপক্ষ তদন্ত করছে বলে শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
আগুনে অন্য আরেকটি গাড়ির একাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এ ঘটনায় কেউ আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি। শুক্রবার ভোরে আগুন লাগানোর এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সীমান্তবর্তী শহর সান ডিয়েগো বরাবর সীমান্ত পার হলেই মেক্সিকোর তিজুয়ানা শহর। এখানকার যুক্তরাষ্ট্র কন্স্যুলেট দেশটিতে যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত কূটনৈতিক মিশন।
