বর্ষবরণের আগে দুবাইয়ের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড
নববর্ষের আতশবাজির উৎসব শুরুর আগে আগে দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার কাছে একটি পাঁচ তারা হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৬৩ তলা অ্যাড্রেস ডাউনটাউন হোটেলের ২০ তলায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ওই হোটেলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছেন, যাদের কারও অবস্থাই তেমন গুরুতর নয়।
হাজার ফুট উচ্চতার ওই ভবনে ঠিক কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। টুইটারে আসা ছবিতে দেখা যায়, ভবনের নিচের দিকের কয়েকটি ফ্লোর জ্বলছে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
অবশ্য এই অগ্নিকাণ্ডের পরও কাছের বুর্জ খলিফা থেকে পরিকল্পনা অনুযায়ী মধ্যরাতের আতশবাজি প্রদর্শনী হয়।
অগ্নিকাণ্ডের সময় ওই এলাকায় থাকা মিশেল ডিউক নামের এক পর্যটককে উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়, “আমরা হঠাৎ করেই বুর্জ খলিফা আর অ্যাড্রেস হোটেলের মাঝের এলাকায় কালো ধোঁয়া দেখতে পাই।… এরপর পুরো হোটেল ভবনটি যেন দপ করে জ্বলে উঠে কমলা শিখার মধ্যে ঢেকে যায়।”
