২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষ উদযাপনকে ঘিরে ইউরোপজুড়ে বাড়তি সতর্কতা

নতুন বছর উদযাপনের সময়টিতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইউরোপজুড়ে উদ্বেগ-উত্তেজনার কারণে বাড়তি  নিরাপত্তা ব্যবস্থা নেওয়াসহ সতর্কতা জারি করা হয়েছে। ইউরোপের বড়বড় শহরগুলোতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 08:01 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বিবিসি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বেলজিয়ামের রাজধানী ব্রসেলসে  নতুন বছরকে স্বাগত জানানোর আতশবাজি উৎসব বাতিল করা ছাড়াও প্যারিস, লন্ডন, বার্লিন এবং মস্কোয় জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।

এরই মধ্যে তুরস্ক জানিয়েছে, তারা আঙ্কারায় বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে।

এ সপ্তাহের শুরুর দিকে অষ্ট্রিয়ার পুলিশ জানায়, বন্ধু  দেশের গোয়েন্দাদের কাছ থেকে ছুটির সময় ইউরোপের বড় বড় শহরে হামলার ঝুঁকি রয়েছে বলে জেনেছে তারা।

ফ্রান্সের রাজধানী প্যারিসেও নতুন বছর উদযাপন উপলক্ষ্যে আতশবাজি বাতিল করা হয়েছে।

গত বুধবার তুরস্কের পুলিশ দুইজন সন্দেহভাজন আই্এ জঙ্গিকে গ্রেপ্তার করে। তারা আঙ্কারায় থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করছিল বলে পুলিশের দাবি।

পুলিশ বলছে, এ দুইজন অন্তত দুটি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আত্নঘাতী হামলার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

বার্লিনে ব্যাকপ্যাক বহন এবং আতশবাজি নিষিদ্ধ করার পাশাপাশি ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে।

লন্ডনে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মেট্রোপলিটন পুলিশ শহরটিতে ৩ হাজার কর্মকর্তা নিয়োগ দিচ্ছে। সঙ্গে থাকছে বাড়তি আরো সশস্ত্র কর্মকর্তা।

এছাড়াও বিশ্বজুড়ে টোকিও, কুয়ালালামপুর, নয়া দিল্লিসহ আরও অনেক শহরে উচ্চ সতর্কতা জারি রয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশও।