২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫ সালে বেড়েছে সাংবাদিক হত্যা

২০১৫ সালে বিশ্বে মোট ৬৯ জন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে 'কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’  (সিপিজে)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 09:29 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

এদের মধ্যে ২৮ জন অর্থাৎ, ৪০ শতাংশই ইসলামিক স্টেটের (আইএস) নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছেন। 

বিবিসি জানিয়েছে, জানুয়ারিতে প্যারিসের বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর প্রধান কার্যালয়ে জঙ্গি হামলার ঘটনা এ বছর ফ্রান্সকে সাংবাদিকদের জন্য বিশ্বের দ্বিতীয় ঝুঁকিপূর্ণ দেশে পরিণত করেছে। শার্লি এবদুতে হামলায় নয়জন সাংবাদিকের মৃত্যু হয়।

সিপিজের তালিকা অনুযায়ী, এ বছর  সিরিয়ায় সবচেয়ে বেশি (১৩ জন) সাংবাদিক মারা গেছেন।

সিপিজে ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সাংবাদিক নিহতের হিসাব দিয়ে বলেছে, গত বছরের তুলনায় এবছর অনেক বেশি সাংবাদিক নিহত হয়েছে। গতবছরে এ সংখ্যা ছিল ৬১।

এ বছর দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সাংবাদিকদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সিপিজে।

কারণ, ২০১৫ সালে মারা যাওয়া আরও ২১ জন সাংবাদিকের বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। তারা দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে সংস্থাটি।

গত চার বছর ধরে সিরিয়া সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও গত বছরের তুলনায় এবছর দেশটিতে প্রাণ হারানো সাংবাদিকের সংখ্যা কমেছে।

সিপিজে'র প্রতিবেদনে বলা হয়, খুব সম্ভবত সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এবছর আরও বিস্তার লাভ করায় সাংবাদিকদের জন্য সেখানে খবর সংগ্রহ করতে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

যুদ্ধবিক্ষুব্ধ অন্যান্য দেশ যেমন: লিবিয়া, ইয়েমেন এবং ইরাকেও একই কারণে সাংবাদিক নিহতের সংখ্যা এবছর কমেছে।

তবে বিশ্বব্যাপী সাংবাদিক নিহতের সংখ্যা গত তিন বছরের তুলনায় বেড়েছে। এবছর ব্রাজিল, বাংলাদেশ ও দক্ষিণ সুদানে অন্তত পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছে।

এর মধ্যে  বাংলাদেশ বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও লেখক অভিজিৎ রায়কে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি বইমেলা থেকে ফেরার সময় কুপিয়ে হত্যা করা হয়।

এছাড়া, সিপিজে'র এ প্রতিবেদন প্রকাশের মাত্র দুইদিন আগে সিরিয়ার সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা নাজি জেরফকে তুরস্কে একটি ব্যস্ত রাস্তায় গুলি করে হত্যা করা হয়।