২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে হামলা পরিকল্পনা: বেলজিয়ামে দুইজন গ্রেপ্তার

নতুন বছর শুরুর প্রাক্কালে ব্রাসেলসে হামলা চালানোর পরিকল্পনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 05:03 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

রবি ও সোম দুইদিন ধরে পুলিশ ব্রাসেলসসহ ফ্লেমিশ, ব্রাবান্ট ও লিজ প্রদেশে তল্লাশি চালিয়েছে। এ অভিযানে পুলিশ সামরিক পোশাক, কম্পিউটারের যন্ত্রপাতি উদ্ধার করেছে। তবে কোনো অস্ত্র বা বিস্ফোরক পায়নি বলে জানিয়েছে বিবিসি।

১৩ নভেম্বরে প্যারিসে জঙ্গি হামলার পর থেকেই বেলজিয়াম উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। হামলাকারীদের কয়েকজন বেলজিয়ামের নাগরিক বলেই ধারণা করা হয়।

তবে সদ্য দুইজনকে গ্রেপ্তার করার সঙ্গে প্যারিস হামলার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন কৌঁসুলিরা।

গ্রেপ্তার হওয়া একজন একটি সন্ত্রাসী সেলের নেতৃত্ব দিচ্ছে এবং লোক নিয়োগ করছে বলে সন্দেহ করা হচ্ছে।

বেলজিয়ামের সম্প্রচারমাধ্যম আরটিবিএফ বলেছে, গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধেই ব্রাসেলসের প্রতীকী কয়েকটি লক্ষ্যবস্তু এবং পুলিশের ওপর হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগ রয়েছে।

তল্লাশি অভিযানে আরও ৪ জনকে জেরা করা হয়েছে এবং কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে।