২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ারে স্কুলে হামলা: আরও চার জঙ্গির ফাঁসি

পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলে ভয়াবহ হামলার ঘটনায় অভিযুক্ত আরও  চার জঙ্গিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 01:34 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

কোহাট কারাগারে মঙ্গলবার ভোরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দ্য ডন ও আইএএনএস জানিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার জঙ্গি নূর সাইদ ইলিয়াস হাফিজ শিহাব, মুরাদ খান, এনায়েতুল্লাহ এবং ইসরারুদ্দিন ইলিয়াস আবু রাইসের মৃত্যু পরোয়ানায় সই করেছিলেন।

ওই সময় আইএসপিআর-এর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, “হত্যা, আত্মঘাতী হামলা, মুক্তিপণের দাবিতে অপহরণ এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়নের অভিযোগে তারা দণ্ডিত হয়েছেন।” 

চলতি মাসের শুরুর দিকে ২ ডিসেম্বর পেশোয়ারে সেনা বাহিনী পরিচালিত একটি স্কুলে ভয়াবহ হামলার ঘটনায় অভিযুক্ত চার জঙ্গির ফাঁসি কোহাট কারাগারে কার্যকর করা হয়েছিল।

Image
গেল বছরের ডিসেম্বরে পেশোয়ারের ওই স্কুলে হামলার পর রক্তাক্ত শ্রেণীকক্ষ। ফাইলছবি: রয়টার্স

গেল বছরের ডিসেম্বরে পেশোয়ারের ওই স্কুলে হামলার পর রক্তাক্ত শ্রেণীকক্ষ। ফাইলছবি: রয়টার্স

ওই ঘটনায় প্রথম ফাঁসিকাষ্ঠে যাওয়া চার জঙ্গি হলেন, মৌলভি আবদুস সালাম, হযরত  আলি,  মুজিবুর রেহমান এবং সাবিল।

হামলা চালানো জঙ্গিদের সহায়তা ও সামরিক পোশাক সরবরাহের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সামরিক আদালতে অভিযুক্তদের বিচার শেষে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

ওই ঘটনায় জড়িতদের মধ্যে এই নিয়ে আট ব্যক্তির ফাঁসি কার্যকর করা হল।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর তালেবান জঙ্গিরা পেশোয়ারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা চালায়।

হামলায় ১৩৩ ছাত্রসহ ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হন। এই হামলার সঙ্গে সরাসরি জড়িত সাত বন্দুকধারীর সবাই সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হন।

ওই নির্বিচার হত্যাকাণ্ডের জেরে দেশটিতে ইসলামপন্থি জঙ্গি-বিদ্রোহীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়। সন্দেহভাজন সন্ত্রাসীদের বিচারে প্রতিষ্ঠা করা হয় সামরিক আদালত।

দীর্ঘ ছয়বছর মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখার পর দেশটিতে আবার সেই সর্বোচ্চ শাস্তি কার্যকরের সিদ্ধান্ত আসে ওই হামলার পর।

Image
নিহতদের স্বজনদের আহাজারি। ফাইলছবি: রয়টার্স

নিহতদের স্বজনদের আহাজারি। ফাইলছবি: রয়টার্স

হামলার দিন সকালে স্কুল চত্বরের এক পাশের দেয়ালের উপরের কাঁটাতার কেটে স্কুলটিতে প্রবেশ করে উগ্র ইসলামপন্থি তালেবান ঘাতকেরা। ওই সময় স্কুলের মিলনায়তনে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেয়া হচ্ছিল।

ওই মিলায়তনে ঢুকে নির্বিচার গুলি চালিয়ে রক্তবন্যা বইয়ে দেয় তালেবান জঙ্গিরা। এরপর শ্রেণীকক্ষগুলোতে প্রবেশ করে কোমলমতি শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের গুলি করে হত্যা করে। স্কুলটিতে আট ঘণ্টা ধরে তাণ্ডব চালায় তারা।

মোল্লা ফাজুল্লাহর অনুগত পাকিস্তানি তালেবানের একটি অংশ এ হামলার দায়ও স্বীকার করে।

উত্তর ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের দমনে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হয় বলে দাবি করে গোষ্ঠীটি।

অবশ্য নৃশংস ওই হত্যাকাণ্ডের পর বিশ্বজুড়ে নিন্দার সঙ্গে তাল মিলিয়ে আফগান তালেবানও ওই হামলার নিন্দা জানিয়েছিল।