২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেনের সাবেক দেহরক্ষীর মৃত্যু

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরি মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 10:02 AM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বিবিসি বলছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মারা যান।

ইয়েমেনের নাগরিক বাহরি দেশটির দক্ষিণাঞ্চলীয় মুকাল্লা শহরের একটি হাসপাতালে শনিবার তিনি মারা যান। তার বয়স আনুমানিক ৪০ বছর।

আবু জান্দাল নামেও পরিচিত ছিলেন বাহরি। আফগানিস্তানে থাকাকালীন তিনি বিন লাদেনের গাড়িচালকের কাজও করেছেন।

২০০৮ সালে যুক্তরাষ্ট্র পরিচালিত গুয়ান্তানামো বে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি ইয়েমেনে ফিরে যান।

১৯৯০ এর দশকে তিনি বসনিয়া, সোমালিয়া এবং আফগানিস্তানে ইসলামি জঙ্গি-বিদ্রোহীদের চালানো বিভিন্ন হামলায় জড়িত ছিলেন। পরবর্তী সময়ে তিনি আল-কায়েদায় যোগ দেন।

২০১০ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাহরি সতর্ক করে বলেছিলেন, ইয়েমেনের তরুণ সম্প্রদায় উগ্র মৌলবাদী চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছে।

প্রসঙ্গত, ওসামা বিন লাদেন ২০১১ সালের মে মাসে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে আত্মগোপনরত অবস্থায় যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিলের এক অভিযানে নিহত হন।