চীনে খনিতে আটকা ১৭ শ্রমিক, খনি মালিকের আত্মহত্যা
চীনে শ্যাডংয়ে ধসে পড়া একটি খনিতে আটকা পড়া ১৭ শ্রমিককে উদ্ধার তৎপরতা চলার মাঝেই আত্মহত্যা করেছেন খনিটির মালিক মা কঙ্গবো।
রোববার সকালে খনির একটি কুয়ায় ঝাঁপিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।
মা কঙ্গবো ইউরোং খনি কোম্পানির চেয়ারম্যান ছিলেন। তার আত্মহত্যার কারণ স্পষ্ট জানা যায়নি। তবে বেইজিং থেকে বিবিসি সংবাদদাতা বলছেন, চীন কর্তৃপক্ষ খামখয়ালি নিয়োগকর্তাদের শাস্তি কঠোর করেছে।
খনিটিতে দুইদিন ধরে ১৭ জন আটকা পড়ে আছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
শুক্রবারের খনি ধসে তাৎক্ষণিকভাবে একজন নিহত হয়। বের হয়ে আসতে সক্ষম হয় চারজন শ্রমিক। তখন থেকেই বাকীদের উদ্ধারের চেষ্টা চলছে।
চীনে প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এই খনি ধসের কারণ কি তা এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ। দক্ষিণ চীনে নির্মাণকাজ চলাকালে প্রাণঘাতী এক ভূমিধসের কয়েকদিন পর এ খনি ধস হল।
উদ্ধারকারীরা গর্ত খুঁড়ে আটকা পড়া শ্রমিকদেরকে খাবার ও পানি সরবরাহের চেষ্টা করছে। ৭০০ এরও বেশি উদ্ধারকর্মী আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এখন পর্যন্ত ৭জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
খনিটি থেকে মূলত জিপসাম উত্তোলন করা হত।
