২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক প্রত্যাশার চ্যালেঞ্জ জার্মানির সামনে

“২০১৬ সালের জন্য আমাদের অতিরিক্ত ৪ বিলিয়ন ইউরো লাগবে, আরও ৪ হাজার লোক নিয়োগ দিতে হবে আমাদের,” বলার সময় একে চ্যালেঞ্জই মনে করছিলেন জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন বিভাগের প্রধান নরবার্ট সেইৎস।

মুনীরুল ইসলাম

জার্মানি থেকে ফিরে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 09:06 AM

Updated : 12 Oct 2022, 04:44 PM

পুরনো খবর:

শরণার্থীদের চোখে ‘জার্মানি গুড’

দুই সপ্তাহ আগে বার্লিনে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এশিয়ার কয়েকজন সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন সেইৎস।

এশিয়ার নয়টি দেশের নয়টি সংবাদ মাধ্যমের নয়জন সাংবাদিককে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় আমন্ত্রণ জানায় শরণার্থী পরিস্থিতি ঘুরে দেখতে, এর মধ্যে ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও।

সেইৎসের কথায় স্পষ্ট, ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটিকেও এক বছরে আট লাখ অভিবাসী যোগ হওয়ার পর বেশ খানিকটা চাপ নিতে হচ্ছে।

অ্যাসোসিয়েশন অফ জার্মান সিটিজ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হেলমুট ডেডি বলেন, আগামী অর্থ বছরে শরণার্থীদের জন্য ৭ থেকে ১৬ বিলিয়ন ইউরো বরাদ্দ রাখতে হবে। এর একটি অংশ ফেডারেল সরকার ইতোমধ্যে বরাদ্দ দিয়েছে। তারপরও নগর কর্তৃপক্ষগুলোর ঘাটতি থাকছে।

জার্মানিতে বর্তমানে বেকারত্বের হার ৭ শতাংশ। শরণার্থীর চাপ এতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা রয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য মেকলেনবার্গ-ভোরপোমের্ন রাজ্যের রাজধানী শেরিনের ডেপুটি মেয়র অ্যান্ড্রেয়াস রুহলের।

Image
শেরিনের ডেপুটি মেয়র অ্যান্ড্রেয়াস রুহল

শেরিনের ডেপুটি মেয়র অ্যান্ড্রেয়াস রুহল

নিবন্ধনের পর শরণার্থীদের ১৬টি রাজ্যের বিভিন্নটিতে ভাগ করে দেয় জার্মানির ফেডারেল সরকার। এর মধ্যে ৩ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে শেরিন। এর ৯০ শতাংশই সিরীয়, এর মধ্যে রয়েছে ১৫০টি শিশু।

শরণার্থীদের স্বাগত জানালেও রুহল বলেন, “জার্মানির অনেকে মনে করছে যে শরণার্থীর এই সংখ্যা তাদের চাকরির বাজার নষ্ট করবে।”    

১০ লাখ শরণার্থী সামাল দেওয়া যাবে, চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বললেও তার রক্ষণশীল দলের নেতাদের মনে যে ভয় কাটেনি, তা স্পষ্ট।

আর সেই কারণেই মের্কেলকে দলীয় নেতাদের সামনে ক’দিন আগেই বলতে হয়েছে, ‘সবার স্বার্থে’ শরণার্থীর সংখ্যা কমিয়ে আনা হবে।

রাজনীতিকরা একথা বললেও ব্যবসায়ীদের মুখ থেকে শোনা গেছে ভিন্ন কথা।

শেরিন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আঞ্চলিক ও বৈদেশিক নীতি বিভাগের প্রধান স্টেফানি শ্যারেনবাখ বলছেন, বেকারত্বের হার বাড়ার কোনো শঙ্কাই নেই।

তার যুক্তি, জার্মানদের গড় আয়ু ৮০ বছরের মতো হওয়ায় তাদের এখন কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ফলে এই অভিবাসীদের যদি শ্রমবাজারে যুক্ত করা যায়, তা দেশের জন্যই সুফল বয়ে আনবে।

জার্মানিতে অভিবাসীদের ক্ষেত্রে ভাষা যে একটি বড় সমস্যা, তা সবাই স্বীকার করছেন। কারণ যে দেশগুলো থেকে এখন শরণার্থী আসছে, তাদের কেউই জার্মানভাষী নয়।

ফ্রান্সে অভিবাসীদের বড় একটি অংশ আসে দেশটির সাবেক উপনিবেশ থেকে, যারা ফরাসি ভাষায়ই কথা বলে। কিন্তু জার্মানির ক্ষেত্রে তা হয় না।

ফলে এখন এই অভিবাসীদের জার্মান শিক্ষার প্রয়োজন পড়ে, তাদের কারিগরি বিভিন্ন শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। সেই ধরনের নানা উদ্যোগের কথা জানিয়েছে শেরিন চেম্বার অফ কমার্স।

Image
আঙ্গেলা মের্কেলের সঙ্গে সেলফি তুলছেন শরণার্থী- ছবি: রয়টার্স

আঙ্গেলা মের্কেলের সঙ্গে সেলফি তুলছেন শরণার্থী- ছবি: রয়টার্স

কিন্তু এই শরণার্থীর একটি বড় অংশ নারী ও শিশু, যাদের শ্রমবাজারে পাওয়া দুষ্কর। ইনস্টিটিউট ফর দি ওয়ার্ল্ড ইকোনমির গবেষণা বলছে, ২০ শতাংশ শরণার্থীর কর্মসংস্থান না হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাদের মতে, শরণার্থী বা এই অভিবাসীরা চাকরির বাজারে কত দ্রুত স্থান করে নিতে পারে, সেটাই হবে গুরুত্বপূর্ণ বিষয়।

জার্মান ইনস্টিটিউট ফর ইকোনকিম রিসার্চ বলছে, অদক্ষ, জার্মান না জানা এই শরণার্থীদের দক্ষ করে তুলতে যে কয়েক বছর লাগবে, সেই সময়টাতে অর্থ ব্যয় করে যেতে হবে তাদের পেছনে; তবে এই ব্যয়ের সামর্থ্য জার্মানির রয়েছে।

এ তো গেল কর্মসংস্থানের সমস্যা; তার সঙ্গে রয়েছে সমাজের একটি অংশের শরণার্থীবিরোধী মনোভাব। তা এখন ক্ষুদ্র হলেও কর্মসংস্থানের সঙ্কট সৃষ্টি হলে তা বড় হয়ে উঠতে পারে বলে অনেকের ধারণা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন বিভাগের প্রধান সেইৎস এই শঙ্কার বিষয়টি মাথায় রাখছেন। সেজন্য শরণার্থীদের প্রতি মানুষের মনোভাব যেন বিরূপ না হয়ে উঠে, সেজন্য প্রচারণা চালানোর কথা বলেন তিনি।

শরণার্থী সমস্যা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সব দেশের অংশীদারিত্ব প্রত্যাশা করেছিল জার্মানি। কিন্তু সব দেশ সাড়া দেয়নি। জার্মানি বার বার বলেও শরণার্থী নেওয়ার প্রতিশ্রুতি আদায় করতে পারেনি তাদের কাছ থেকে।

এশিয়ার সাংবাদিকদের সঙ্গে আলোচনার জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা এনিয়ে হতাশা প্রকাশ করেন। ইউরোপের বড় দেশ হিসেবে যুক্তরাজ্যও যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না বলেও অনুযোগ জানান তিনি।

Image
বার্লিনের টেম্পেলহোপ আশ্রয় শিবির, যেখানে ২ হাজারের বেশি শরণার্থীর ঠাঁই মিলেছে

বার্লিনের টেম্পেলহোপ আশ্রয় শিবির, যেখানে ২ হাজারের বেশি শরণার্থীর ঠাঁই মিলেছে

শরণার্থীদের আরেকটি বড় সমস্যা যুদ্ধস্মৃতি, অনেকে বিশেষ করে শিশুরা মানসিক সমস্যা নিয়ে এসেছে জার্মানিতে।

বার্লিন সেন্টার ফর টর্চার ভিকটিম-এর মনোচিকিৎসক গারলিন্ডে অমান বলেন, যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে এলেও দুঃসহ সেই স্মৃতি ফেলে আসেনি তারা। ওই স্মৃতি তাদের মানসিক পীড়া দেয়।

শরণার্থী শিবিরে কাজ করে আসা এই নারী মনোচিকিৎসক বলেন, “শরণার্থীদের ৪০ শতাংশই ট্রমাটাইজড, এর মধ্যে শিশুদের অবস্থা খুব খারাপ।”

শরণার্থীদের এই মানসিক বিপর্যস্ত অবস্থা থেকে কাটিয়ে তুলতেও কাজ করতে হচ্ছে জার্মান সরকারকে।

তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে শরণার্থীদের আকাশচুম্বি প্রত্যাশা। বন্ধুর পথ পাড়ি দিয়ে তারা জার্মানি পৌঁছেই মনে করছে, তাদের সব মুশকিল আসান।

কিন্তু এটা যে তাদের আরেক সংগ্রামের শুরু, তার জন্য তাদের প্রস্তুত করে নেওয়ার দায়িত্বটিও জার্মান সরকারের উপরই বর্তাচ্ছে। আর তাতে সফল না হলে ‘গুড’ জার্মান আর ‘গুড’ থাকবে না এই ভিনদেশিদের কাছে।

[জার্মানির শরণার্থী পরিস্থিতি সরেজমিন ঘুরে দুই পর্বের প্রতিবেদনের শেষ পর্ব]