২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেইজিংয়ে নাগরিকদের সতর্ক করল পশ্চিমা বিশ্ব

অন্তত চারটি পশ্চিমা দেশ বড়দিন উদযাপনের সময়টিতে নিরাপত্তায় হুমকির ব্যাপারে চীনের রাজধানী বেইজিংয়ে নিজ নিজ নাগরিকদের বিরল সতর্কবার্তা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 08:30 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

বেইজিংয়ের কূটনৈতিক পাড়া এবং বিনোদোন এলাকাগুলোতে নাগরিকদেরকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স।

ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা ব্যস্ত বার এবং বাজার এলাকা সানলিতুনে সম্ভাব্য হামলার হুমকির খবর পেয়েছেন। অস্ট্রেলিয়া এবং ফ্রান্স সরকারও তাদের নাগরিকদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বেইজিং সাধারণত নিরাপদ জায়গা এবং সেখানে বিদেশিরা হামলার লক্ষ্য হয় খুব কমই। যদিও সানলিতুনের বার এবং রেস্টুরেন্ট এলাকায় কখনও কখনও সহিংসতার ঘটনা ঘটে।

গত অগাস্টে ওই এলাকায় একজন হামলাকারী এক ফরাসি এবং চীনা নারীর ওপর হামলা করে। এতে মারা যান ওই নারী।

যুক্তরাষ্ট্রের দূতাবাস এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, তারা বড়দিনের সময়টিতে (২৫ ডিসেম্বর) সানলিতুনে পশ্চিমাদের ওপর হামলার হুমকি পেয়েছে। ওই এলাকায় বহু ‍দূতাবাসও আছে।

ফ্রান্সের দূতাবাস, ব্রিটেনের পররাষ্ট্রদপ্তর এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিভাগও তাদের নাগরিকদের একই ধরনের সতর্কবার্তা দিয়েছে। তবে এ ব্যাপারে কেউই বিস্তারিত কিছু জানায়নি।

বেইজিং পুলিশ শহরটিতে ইয়েলো সতর্কতা জারি করেছে। এর আওতায় জনসমাগম এলাকাগুলোতে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেছেন, হামলার হুমকির খবরের ব্যাপারে তারা ওয়াকিবহাল এবং সরকার বিদেশিদের নিরাপত্তা বিধানে সচেষ্ট রয়েছে।

সানলিতুনে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। শপিং মলগুলোতে মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ।