২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস হামলার নবম সন্দেহভাজন গ্রেপ্তার

ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৩ নভেম্বরের জঙ্গি হামলায় জড়িত সন্দেহভাজন নবম হামলাকারীকে বেলজিয়ামে গ্রেপ্তার করেছে ব্রাসেলস পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 06:23 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

আবদুল্লাহ সি নামক ৩০ বছর বয়সী এই ব্যক্তিকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। কিন্তু সঙ্গে সঙ্গে খবরটি ঘোষণা করা হয়নি।

কৌঁসুলিরা এক বিবৃতিতে বলেছেন, হামলার পরপরই হামলার হোতা আব্দেলহামিদ আবাউদের কাজিনের সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছিলেন এই ব্যক্তি।

হামলার ঘটনার ৫ দিন পর প্যারিসে একটি ফ্ল্যাটে পুলিশের অভিযানে নিহত হন আবাউদ ও তার কাজিন দুইজনই।

প্যারিসে কয়েকটি বার ও রেস্টুরেন্টে ওই জঙ্গি হামলায় ১২৯ জন নিহত হয়। ৪ শতাধিক মানুষ আহত হয়।  ফ্রান্সে এটিই ছিল এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা।

এতে জড়িত সন্দেহে গ্রেপ্তর নবম ব্যক্তি আবদুল্লাহ সির ভূমিকা কি ছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনও প্রকাশ করা হয়নি। ব্রাসেলসে একটি সংক্ষিপ্ত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ এখনও হামলার ঘটনায় জড়িত আরেকজন সন্দেহভাজন ২৬ বছর বয়সী সালাহ আব্দেসালাম কে খুঁজছে। যিনি হামলায় অংশ নেওয়ার পর বেলজিয়ামে চলে যান। বেশ কয়েকটি অভিযান চালিয়েও পুলিশ তার খোঁজ পায়নি।